জুলাই গণ–অভ্যুত্থানকালের পৃথক মামলায় সাবিনা–রোকেয়াকে গ্রেপ্তার দেখানোর আদেশ
জুলাই গণ–অভ্যুত্থানকালে হত্যা ও হত্যাচেষ্টার পৃথক দুই মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন এবং রাজধানীর কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি রোকেয়া জামালকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পৃথক দুটি আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলাটিতে সাবিনাকে আজ আদালতে হাজির করা হয়। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল সৌরভ। অন্যদিকে কাফরুল থানার হত্যা মামলাটিতে রোকেয়াকে আজ আদালতে হাজির করা হয়। এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন কাফরুল থানার এসআই মো. কবির হোসেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন। আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন এ আবেদনের বিরোধিতা করেন।
মামলা ও আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর-১৪ নম্বরের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে মিলন পান্না নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়। এ মামলায় সাবিনাকে গ্রেপ্তার দেখানো হলো।
অন্যদিকে জুলাই গণ–অভ্যুত্থানকালে মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ হন মো. শাকিল। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। এ মামলায় রোকেয়াকে গ্রেপ্তার দেখানো হলো।