বিনা খরচে মালয়েশিয়ার ডিএইচএলে যেতে আগ্রহী কর্মীদের পরীক্ষা শুরু
শূন্য অভিবাসন খরচে কর্মী নেবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানি। বিনা খরচে এ কোম্পানিতে কর্মী পাঠাতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয় ৮ নভেম্বর। তাঁদের মধ্য থেকে ১১২ জনকে চূড়ান্ত নিয়োগ দিতে ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। ধাপে ধাপে ১০ হাজার কর্মী পাঠানো হবে বিনা খরচে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিকভাবে নির্বাচিত ব্যক্তিদের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাইয়ের মাধ্যমে ১১২ জন কর্মী চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। তারা আজ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।
৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে যেসব আবেদন জমা হয়েছে, তার মধ্য থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে লটারির মাধ্যমে প্রাথমিক বাছাই করা হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে মোট ৪ হাজার ২৯ প্রার্থী আবেদন করেন। তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রার্থীদের তালিকা বোয়েসেলের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
দেশ থেকে কর্মী পাঠানোর কাজটি করছে সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এতে বলা হয়, বাছাই প্রক্রিয়ায় বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করছে না এবং নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত প্রার্থীরাই চূড়ান্ত বলে গণ্য হবেন। এ নিয়ে আজ প্রবাসীকল্যাণ ভবনের মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন করেছে বোয়েসেল।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, মালয়েশিয়া বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। বোয়েসেল স্বল্প ও শূন্য অভিবাসন ব্যয়ে নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাগত যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক বলেন, নিয়োগের কোনো পর্যায়ে কোনো দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত ব্যক্তি অর্থ গ্রহণের চেষ্টা করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে উভয়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থীদের যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি।