স্কুলের ভালো ফুটবলার থেকে আসলাম যেভাবে হয়ে ওঠেন শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’

গ্রেপ্তারের পর দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কেনা একটি রেফ্রিজারেটর ভ্যানগাড়িতে যাচ্ছিল ঢাকার পুরোনো ডিওএইচএসের একটি বাসায়। গোয়েন্দা পুলিশের কাছে খবর ছিল, সেটি কিনেছেন একজন সন্ত্রাসী। গোয়েন্দা পুলিশ ভ্যানটির পিছু নেয়। গিয়ে সত্যি সত্যি পেয়ে যায় একজন সন্ত্রাসীকে। তাঁর নাম শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’।

১৯৯৭ সালের মে মাসের ২৬ তারিখের ঘটনা এটি। তখন আসলামের বয়স ৩৫। এর পর থেকে সুইডেন আসলাম কারাগারেই ছিলেন।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর অস্থির পরিস্থিতির মধ্যে সাত আলোচিত সন্ত্রাসী জামিনে মুক্ত হন। মোহাম্মদপুর এলাকার ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, হাজারীবাগের সানজিদুল ইসলাম ওরফে ইমন, খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন, মিরপুরের আব্বাস আলী ওরফে ‘কিলার আব্বাসের’ পাশাপাশি মুক্তি পান সুইডেন আসলামও।

আরও পড়ুন

আসলাম কারাগার থেকে বের হন ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর। বছর দুয়েক কারাগারের বাইরে ছিলেন তিনি। এর মধ্যে ঢাকার বিভিন্ন অপরাধের ঘটনায় তাঁর নাম আসছিল। অবশেষে গতকাল রোববার দিবাগত রাতে আবার গ্রেপ্তার হলেন তিনি, এবার ঢাকার বিমানবন্দরে।

থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট ধরতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন আসলাম। ইমিগ্রেশন পার হওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর আসলামকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

স্কুলের ফুটবল মাঠ থেকে আধিপত্যের লড়াই

সুইডেন আসলামের পৈতৃক বাড়ি ঢাকার নবাবগঞ্জে। স্বাধীনতার পর তাঁর বাবা শেখ জিন্নাত আলী ও চাচারা ঢাকার ইন্দিরা রোডে বসবাস শুরু করেন। বাবা ফার্মগেটে রড-সিমেন্টের ব্যবসা করতেন। আসলাম পড়তেন তেজগাঁও পলিটেকনিক স্কুলে, যেটির এখনকার নাম তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়।

বিভিন্ন সময় প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আসলাম ফুটবল ভালো খেলতেন। স্কুলের হয়ে আন্তজেলা প্রতিযোগিতায়ও খেলেছেন। এসএসসি পাস করে তিনি ভর্তি হন তেজগাঁও কলেজে। তখন থেকেই জড়িয়ে পড়েন অপরাধে।

‘সুইডেন আসলামের সামনে এখন কেবল একটি মামলা’ শিরোনামে ২০১৫ সালের ২৩ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে আসলামের বিরুদ্ধে। এরপর তাঁর বিরুদ্ধে একের পর এক খুনের ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ আসতে থাকে।

সুইডেন আসলাম
ছবি: সংগৃহীত

গত শতাব্দীর আশি ও নব্বইয়ের দশকে একের পর শীর্ষ সন্ত্রাসীর উত্থান ঘটতে থাকে। একেক এলাকার অপরাধ একেকজনের নিয়ন্ত্রণে ছিল।

২০০১ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন চারদলীয় জোট সরকারের আমলে পুলিশ ২৩ জন ‘শীর্ষ সন্ত্রাসীর’ নাম প্রকাশ করে। এ তালিকায় ছিল মিরপুরের ইব্রাহিমপুর ও কাফরুলের ‘কালা জাহাঙ্গীর’, মগবাজার ও মালিবাগ এলাকার সুব্রত বাইন, কারওয়ান বাজার ও তেঁজগাও এলাকার মোহাম্মদ হান্নান ওরফে পিচ্চি হান্নান, মোহাম্মদপুরের হারিস আহমেদ ওরফে হারেস, গুলশান ও বিমানবন্দর এলাকার আমিনুর রসুল সাগর ওরফে টোকাই সাগর, রায়েরবাজার ও নিউমার্কেট এলাকার খন্দকার নাঈম আহমেদ টিটন ইত্যাদি নাম।

সুইডেন আসলামের নাম ওই তালিকায় ওঠেনি। তবে ২০১০ সালে পুলিশ ৪২ জন শীর্ষ সন্ত্রাসীর আরেকটি তালিকা করে। তাতে নাম ছিল আসলামের।

আরও পড়ুন

যেভাবে নামের আগে ‘সুইডেন’

সুইডেন আসলামের পরিচিতজন, সংবাদমাধ্যমের প্রতিবেদন, পুলিশ ও ইন্দিরা রোডের বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সুইডেন আসলামের প্রথম স্ত্রীর নাম ইতি। তিনি থাকতেন সুইডেনে। একপর্যায়ে সুইডেন আসলামও যান সুইডেনে। সেখানে কয়েক বছর কাটিয়ে ঢাকায় ফেরেন।

এর পর থেকেই রাজাবাজারের শেখ আসলাম পরিচিত হয়ে ওঠেন ‘সুইডেন আসলাম’ নামে। পরে পুলিশের তালিকায়, মামলার নথিতে এবং আদালতের খবরে এই নামটিই বারবার ব্যবহার করা হয়েছে।

ইতির সঙ্গে আসলামের সংসার টেকেনি। বিচ্ছেদের পর ইতি বাংলাদেশে ফিরে আবদুল্লাহ আল হাসান ওরফে মামুন নামে এক ‘সন্ত্রাসীকে’ বিয়ে করেন।

১৯৯৫ সালে পুরান ঢাকায় মামুনসহ তিনজন খুন হন। সেই মামলার অভিযোগপত্রে আসলামের নাম ছিল। তখন সংবাদপত্রের প্রতিবেদনে উঠে আসে, মামুনের সঙ্গে ইতির প্রেম ও বিয়ে মেনে নিতে না পেরে তাঁকে (মামুন) খুন করেন আসলাম।

ইতির সঙ্গে বিচ্ছেদের পর আসলাম নিজের চাচাতো বোন সিমিকে বিয়ে করেন। ২০২২ সালে দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত পত্রিকাটির বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানের এক লেখায় বলা হয়, সিমি নিজের ভাই-বোনদের সঙ্গে থাকেন।

আরও পড়ুন

কত মামলা

সুইডেন আসলামের বিরুদ্ধে কত মামলা হয়েছিল, কয়টিতে তিনি খালাস পেয়েছেন, কয়টি চলছে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। ২০২৪ সালের সেপ্টেম্বরে সুইডেন আসলামের মুক্তির সময় বাসসের এক খবরে তাঁর বিরুদ্ধে ৯ হত্যাসহ ২২টি মামলার কথা বলা হয়েছিল।

২০১৫ সালের ২৩ অক্টোবর প্রথম আলোতে ‘সুইডেন আসলামের সামনে এখন কেবল একটি মামলা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ঢাকা মহানগর পুলিশ কর্তৃক কারা প্রশাসনের মহাপরিদর্শককে দেওয়া এক চিঠির বরাত দিয়ে বলা হয়, সুইডেন আসলামের বিরুদ্ধে থাকা ১২টি মামলার মধ্যে ১১টিতে তিনি খালাস পেয়েছেন। একটি মামলা বিচারাধীন।

চিঠিতে বলা হয়, ওই মামলার নিষ্পত্তি সাপেক্ষে তিনি মুক্তি পেলে তাঁর অতীত বিবেচনায় তাঁকে পর্যবেক্ষণের আওতায় আনতে হবে। আসলাম কুখ্যাত সন্ত্রাসী হওয়ায় তাঁর মুক্তি জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা পুলিশকে যথাসময়ে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশের নথিপত্র থেকে দেখা গেছে, সুইডেন আসলামের বিরুদ্ধে সর্বশেষ মামলাটি হয় তেজগাঁওয়ের যুবলীগের নেতা গালিব হত্যার ঘটনায়। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হন। এ ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। এই একটি মামলাতেই তাঁর জামিন হয়নি।

কারাগার থেকেই অপরাধজগৎ নিয়ন্ত্রণ

গ্রেপ্তারের পর থেকে দীর্ঘদিন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন সুইডেন আসলাম। অভিযোগ আছে, বন্দী থাকা অবস্থায় তিনি অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন। ২০১৪ সালের মার্চে কারা অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন উদ্ধার করে।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, তখন একটি গোয়েন্দা সংস্থা তাঁর মুঠোফোনে আড়ি পেতে গুরুত্বপূর্ণ তথ্য পায়। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গোয়েন্দা সংস্থা থেকে তাঁর ব্যবহৃত মুঠোফোনের কলের তালিকাসহ গোপন প্রতিবেদন ঢাকা মহানগর পুলিশের কাছে পাঠানো হয়। পূর্ব রাজাবাজারের কয়েকজন সন্ত্রাসী সুইডেন আসলামের হয়ে কাজ করতেন বলে তাতে উল্লেখ করা হয়।

এদিকে আসলামের বিরুদ্ধে থাকা সর্বশেষ মামলা, অর্থাৎ গালিব হত্যা মামলায় শুনানির একটি তারিখের পর আরেকটি তারিখ পড়ছিল। ‘৯ বছর ধরে সাক্ষীর অপেক্ষায়’ শিরোনামে ২০১৫ সালের ৮ ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। এতে বলা হয়, গালিবের স্ত্রী শম্পা ২০০৩ সালের ১৫ অক্টোবর আদালতে সাক্ষ্য দেন। ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর সাক্ষ্য দেন চুন্নু মিয়া নামের আরেকজন। এরপর টানা নয় বছর রাষ্ট্রপক্ষ আর একজন সাক্ষীকেও হাজির করতে পারেনি।

২০২৪ সালে আসলাম যখন জামিনে বের হন, তখন পর্যন্ত ওই মামলার ২৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল।

গালিব হত্যা মামলায় জামিনের কাগজ কাশিমপুরে পৌঁছায় ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর। কাগজ যাচাই শেষে সেদিন রাত নয়টার দিকে কারা কর্তৃপক্ষ আসলামকে মুক্তি দেয়। ফটকে অপেক্ষায় ছিলেন তাঁর স্বজনেরা। তাঁকে নিয়ে তাঁরা ঢাকায় ফেরেন। তখন আসলামের বয়স ৬২ বছর।

আরও পড়ুন

টিটন হত্যা মামলায় গ্রেপ্তার

এই দফায় ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ২৯ এপ্রিল ঢাকার নিউমার্কেট এলাকায় খুন হন টিটন।

পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সম্প্রতি বিভিন্ন ঘটনায় সুইডেন আসলামের নাম আসছিল। তাই তিনি যাতে দেশ ছাড়তে না পারেন, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল পুলিশ। বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করা সেই সতর্কতামূলক ব্যবস্থার কারণেই সম্ভব হয়েছে।

আরও পড়ুন