মানুষের চাহিদা অনুযায়ী সশস্ত্র বাহিনী গড়ে তোলা হবে: প্রতিরক্ষা উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম আজ রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেনছবি: আইএসপিআর

গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার যেভাবে বিভিন্ন বাহিনীকে ধ্বংস করেছে, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশের মানুষের চাহিদার সশস্ত্র বাহিনী গড়ে তোলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম।

সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

উপদেষ্টা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এলে প্রতিরক্ষাসচিব মো. আশরাফ উদ্দিন তাঁকে স্বাগত জানান। পরে উপদেষ্টাকে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড, উল্লেখযোগ্য সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন তিনি। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রতিরক্ষা উপদেষ্টা শামসুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমাদের ভবিষ্যৎ সশস্ত্র বাহিনী হবে জনমুখী বাহিনী। সাধারণ মানুষের সঙ্গে সংশ্লিষ্টতা রেখেই এই বাহিনীর হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করছি। এর জন্য যা যা করা দরকার, প্রতিরক্ষা মন্ত্রী ইতিমধ্যে বাহিনীপ্রধানদেরকে নির্দেশনা দিয়েছেন। সবাই সম্মিলিতভাবে কাজ শুরু করেছে। শিগগিরই পরিবর্তন দেখতে পারবেন।’

মানুষের চাহিদার সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, ‘গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার যেভাবে বিভিন্ন বাহিনীকে ধ্বংস করেছে, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে মানুষের চাহিদার যে রকম বাহিনী হওয়া উচিত, সে রকম বাহিনী গড়ে তোলা হবে। যে বাহিনী সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে। ইতিপূর্বেও কাজ করেছে এবং ভবিষ্যতেও যেন সে রকম একটা সশস্ত্র বাহিনী আমরা গড়ে তুলতে পারি। ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রী সেই দিকনির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী কাজ করছি।