চট্টগ্রামে ঈদের জামাতে শান্তি ও সম্প্রীতি কামনা
চট্টগ্রামে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। এতে দেশের শান্তি ও সম্প্রীতি কামনায় মোনাজাত করা হয়।
আজ শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত এই প্রধান ঈদের জামাতে সব রাজনৈতিক দলের নেতা–কর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম, জাতীয় পার্টির নেতা সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টি চট্টগ্রাম নগর সভাপতি সোলায়মান আলম শেঠ প্রমুখ। নামাজ শেষে পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।
জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ্ মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।
নামাজে যেকোনো বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য প্রার্থনা করা হয়েছে।
খুতবায় আলাউদ্দীন আল কাদেরী বলেন, ‘বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ সম্প্রীতি নিয়ে বসবাস করে। শান্তি-সম্প্রীতি নষ্ট হয়, আমরা এমন বক্তব্য পরিহার করব।’
একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ্ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমুদুল হক।
এ ছাড়া সিটি করপোরেশনের তত্ত্বাবধানে সকাল ৮টায় লালদীঘি শাহী জামে মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হজরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামসংলগ্ন) ঈদের জামাত অনুষ্ঠিত হয়।