সময়ের মুখ
সৎ পথে যা আয় করি, তা দিয়েই সুখে আছি
ঢাকার গুলশানে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের আইফোন পেয়ে তা ফেরত দিয়েছেন রিকশাচালক আমিনুল ইসলাম। এ ঘটনায় তাঁকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ঢাকা মহানগর পুলিশও (ডিএমপি) তাঁকে পুরস্কার দেবে। আমিনুলের সাক্ষাৎকার নিয়েছেন আহমদুল হাসান।আমিনুল ইসলাম
প্রশ্ন :
প্রথম আলো: কেমন আছেন?
আমিনুল: ভালো।
প্রশ্ন :
আপনাকে নিয়ে খবর হলো। মেয়র পুরস্কার দেবেন, পুলিশ পুরস্কার দেবে, কেমন লাগছে?
আমিনুল: আমি কখনোই ভাবিনি, এত সম্মান পাব। সত্যিই অনেক ভালো লাগছে।
প্রশ্ন :
পরিচিত মানুষেরা কিছু বলেছেন?
আমিনুল: সবাই বলছেন, খুব ভালো কাজ করেছি।
প্রশ্ন :
গণমাধ্যমে খবর হওয়ার পর আপনার স্ত্রী-সন্তানদের প্রতিক্রিয়া কী?
আমিনুল: পরিবারের সবাই খুশি। আইফোন পাওয়ার পর আমার স্ত্রীও বলেছিল, যার জিনিস তাকে ফেরত দিয়ে দাও। ফোনটি ফেরত দেওয়ার পর স্ত্রী খুবই খুশি হয়েছিল। পত্রিকায় খবর দেখে আমার চেয়ে বেশি খুশি হয়েছে সে।
প্রশ্ন :
আপনি বলেছেন, গরিব হলেও অন্যের সম্পদে কোনো লোভ নেই…
আমিনুল: অন্যের সম্পদে লোভ করি না—আমার এই কথা পত্রিকায় লেখার কারণে সবাই এত খুশি হয়েছে, যা বলে বোঝাতে পারব না। আমার বাবা বলতেন, ‘পরের সম্পদের লোভ যে করে, তার সর্বনাশ খোদা করেন।’ বাবার এই কথা ছোটবেলা থেকেই মেনে চলছি। জীবনে অনেক কষ্ট করেছি, এখনো করি। তবু অন্যের সম্পদে কোনো লোভ করি না। সৎ পথে যা আয় করি, তা দিয়েই সুখে আছি।
প্রশ্ন :
আপনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন, আর লেখাপড়া করেননি কেন?
আমিনুল: বাবা কাজ করতেন ইটভাটায়। তাঁর আয় ছিল সামান্য। সংসারে অভাব লেগেই থাকত। এ কারণে অনেক ইচ্ছা থাকার পরও পড়াশোনা বেশি দূর করতে পারিনি। আমার ছোট ভাই ও ছোট বোনও আর্থিক অনটনের কারণে খুব বেশি লেখাপড়া করতে পারেনি।
প্রশ্ন :
আপনার সন্তান কয়টা, তাদের পড়াচ্ছেন?
আমিনুল: দুটি। একটি ছেলে, একটি মেয়ে। ওরা ওদের নানির সঙ্গে গ্রামে থেকে লেখাপড়া করে।
প্রশ্ন :
সন্তানদের নিজের কাছে রাখতে ইচ্ছে করে না?
আমিনুল: সবাই সন্তানদের নিজের কাছে রাখতে চায়। আমারও ইচ্ছে করে। কিন্তু রিকশা চালিয়ে যে আয় করি, তা দিয়ে সন্তানদের ঢাকায় রেখে লেখাপড়া করানো সম্ভব নয়। দূরে থাকলেও ওরা লেখাপড়া করছে, এটা ভেবেই শান্তি পাই।
প্রশ্ন :
দুই সন্তান নিয়ে আপনার স্বপ্ন কী?
আমিনুল: আমি লেখাপড়া করতে পারিনি। কিন্তু সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে চাই। এ জন্যই ঢাকায় থেকে এত কষ্ট করছি।
প্রশ্ন :
রিকশা চালিয়ে দিনে কত টাকা আয় হয়?
আমিনুল: রিকশা চালিয়ে খুব বেশি আয় করতে পারি না। দিনে ৫০০ থেকে ৬০০ টাকা থাকে।
প্রশ্ন :
আপনি তো ৮ বছর ধরে রিকশা চালান। আগে কোন পেশায় ছিলেন?
আমিনুল: সাভারে একটি সোয়েটার কারখানায় কাজ করতাম। তবে সেখানে সব সময় কাজ থাকত না। এ কারণে ঢাকায় এসে রিকশা চালানো শুরু করি।
প্রশ্ন :
প্রথম আলো: রিকশা চালানোর পেশায় কেন এলেন?
আমিনুল: লেখাপড়া না করলে তো চাকরি পাওয়া যায় না। সৎ পথে বেঁচে থাকার জন্যই রিকশা চালানো শুরু করেছি।