গবেষণার জন্য নাসার অনুদান পেলেন আইইউবির প্রাক্তন শিক্ষার্থী
মহাকাশে ব্যবহার উপযোগী নতুন প্রজন্মের ব্যাটারি–প্রযুক্তি গবেষণায় নাসার সাড়ে সাত লাখ ডলারের অনুদান পেয়েছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) প্রাক্তন শিক্ষার্থী মো. ওয়াহিদুল হাসান ও তাঁর দল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার এস্টাবলিশড প্রোগ্রাম টু স্টিমুলেট কম্পিটিটিভ রিসার্চ (ইপিএসসিওআর) কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা মাইনস বিশ্ববিদ্যালয়ের গবেষক দলটিকে এ অনুদান দেওয়া হয়।
আইইউবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া ওয়াহিদ ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা মাইনস বিশ্ববিদ্যালয়ে যোগ দেন সলিড স্টেট লিথিয়াম-সালফার ব্যাটারি এবং ইলেকট্রোকেমিক্যাল এনার্জি স্টোরেজ বিষয়ে পিএইচডি করতে। পিএইচডি গবেষণার পাশাপাশি সেখানে তিনি গবেষণা সহকারী হিসেবে কর্মরত। তিনি ২০২১ সালে গবাদিপশুর মূত্র থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্পের জন্য এলসিভিয়ার ফাউন্ডেশনের ‘কেমিস্ট্রি ফর ক্লাইমেট অ্যাকশন চ্যালেঞ্জ অ্যাওয়ার্ড’ জিতেছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ওয়াহিদুল বলেন, ‘সম্প্রতি জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে পরিবেশবান্ধব বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা যে প্রযুক্তিটি নিয়ে কাজ করছি, সেটি একদমই নতুন। এখনো প্রচুর পরীক্ষা-নিরীক্ষা বাকি রয়েছে। তবে সব পরীক্ষা শেষে চূড়ান্ত সাফল্য যদি অর্জন করা যায়, তাহলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জ্বালানি সাশ্রয়ে, বিশেষ করে পরিবহন খাতে এই প্রযুক্তি ব্যাপক ভূমিকা রাখতে পারবে।’
পিএইচডি এবং লিথিয়াম-সালফার ব্যাটারি–প্রযুক্তি নিয়ে গবেষণার পাশাপাশি ভবিষ্যতে নবায়নযোগ্য জ্বালানি ও ব্যাটারির বৈদ্যুতিক চার্জ ধারণক্ষমতা বাড়ানোর ওপর উন্নততর গবেষণার ইচ্ছা আছে ওয়াহিদুলের। এ ছাড়া তিনি বাংলাদেশে একটি গবেষণাকেন্দ্র স্থাপন করতে চান, যেখানে নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করবেন তরুণ প্রযুক্তিবিদ ও বিজ্ঞানীরা।