শীত উপেক্ষা করে গণিতের জয়োৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠ। গতকাল শনিবার সকাল নয়টা। তাপমাত্রার পারদ আগের দিনের তুলনায় ১ দশমিক ৩ ডিগ্রি কমে নেমে এসেছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। তবে শীত কোনো বাধা হয়নি ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৩-এ অংশ নেওয়া শিক্ষার্থীদের কাছে। প্রাথমিকভাবে নির্বাচিত সাড়ে তিন শর বেশি শিক্ষার্থী সমবেত হয়েছিল এই মাঠে।

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানে গতকাল ফরিদপুরে হলো গণিতের আঞ্চলিক উৎসব। এর উদ্বোধন করেন সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম। জাতীয় সংগীত পরিবেশন করে ২৫ শিক্ষার্থী। এ সময় বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ফরিদপুর ডাচ্‌-বাংলা ব্যাংকের ডেপুটি ম্যানেজার শেখ লিমন আলী ও আন্তর্জাতিক গণিত উৎসবের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মুমিত আল রশিদ।

পরে রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পর্যন্ত ৩৫৯ শিক্ষার্থী সোয়া ঘণ্টার পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে একদিকে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন চলে, অপরদিকে চলে প্রশ্নোত্তর পর্ব। শিক্ষার্থীরা গণিতের খুঁটিনাটি বিষয়ে প্রশ্ন করেন এবং মঞ্চে থাকা অতিথিরা ওই প্রশ্নের উত্তর দেন।

অতিথি শিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন, সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক এস এম আসাদুজ্জামান, সরকারি ইয়াছিন কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুকান্ত কুমার দে, সরকারি রাজেন্দ্র কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক দিলীপ কুমার ভৌমিক, সারদা সুন্দরী মহিলা কলেজের আইসিটি বিভাগের শিক্ষক কাজী শফিকুল ইসলাম। ফরিদপুর ভেনু৵তে ২৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। তারা ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় গণিত উৎসবে অংশ গ্রহণের সুযোগ পাবে। অনুষ্ঠানে মিথ্যা, মাদক, মুখস্থকে ‘না’ বলার শপথ পড়ানো হয় শিক্ষার্থীদের।

কুষ্টিয়ার ৪৩ শিক্ষার্থী আসবে ঢাকায়

গণিত উৎসবের কুষ্টিয়া আঞ্চলিক পর্বের আসর বসেছিল কুষ্টিয়া জিলা স্কুলে। সেখানে ৪৫৩ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪৩ শিক্ষার্থী ঢাকায় জাতীয় উৎসবে যাওয়ার জন্য নির্বাচিত হয়।

এর আগে সকাল সাড়ে নয়টায় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক এফতে খাইরুল ইসলাম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও কুষ্টিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক লাল মোহাম্মদ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মোহা. শাহিনুর রহমান। আয়োজনে কুষ্টিয়া বন্ধুসভার সদস্য ও গণিত উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন কুষ্টিয়া বন্ধুসভার নাবিলা নূর ও মোশাররফ হোসেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও কুষ্টিয়া বন্ধুসভার উপদেষ্টা এএসএম মুসা কবির, কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক এফতে খাইরুল ইসলাম, কুষ্টিয়া ইসলামিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আসমা আকতার প্রমুখ বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দেন। এর আগে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন গণিত অলিম্পিয়াডের অ্যাকাডেমিক কাউন্সিলর জাহিদ হোসাইন খান ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামান কামরুল।

এর আগে যশোর, রাজশাহী ও খুলনায় আঞ্চলিক উৎসবের আয়োজন করা হয়। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসবের আয়োজন করছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। গণিত উৎসবের খবর পাওয়া যাবে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট matholympiad.org.bd এবং facebook.com/BdMOC অফিশিয়াল ফেসবুক পেজে।