জামায়াতের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের শুনানি ৬ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট ভবন
ফাইল ছবি

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষিত হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা থেকে বিরত রাখতে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের ওপর শুনানির জন্য আগামী ৬ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ দিন ধার্য করেন। একই সঙ্গে জামায়াতে ইসলামীর আমির, সেক্রেটারি জেনারেলসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদনের ওপর ওই দিন আপিল বিভাগে শুনানি হতে পারে বলছেন সংশ্লিষ্ট আইনজীবী।

গত জুন মাসে তরীকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ কয়েকজন (রিটকারী) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন দুটি করেন।

আবেদন দুটি গত ২৬ জুন আপিল বিভাগের চেম্বার আদালতে উপস্থাপন করা হয়। সেদিন চেম্বার আদালত আবেদন দুটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় আবেদন দুটি আজ আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন, জ্যেষ্ঠ আইনজীবী তানিয়া আমীর, সঙ্গে ছিলেন আইনজীবী সাফওয়ান করিম। জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট অন-রেকর্ড জয়নাল আবেদীন তুহিন।

শুনানিতে জামায়াতের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদীন তুহিন বলেন, প্রস্তুতির জন্য সময় দরকার।

আইনজীবী তানিয়া আমীর আদালতে বলেন, গত জুলাই মাসে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ওঠে। এরপর চার মাস চলে গেছে। তারা বারবার সময় চাইছে।

একপর্যায়ে অ্যাডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদীন তুহিনকে উদ্দেশ করে আদালত বলেন, ‘সময় নিয়ে কোর্টে আসেন না কেন?  এখানে সময় নেবেন আর অন্য কোর্টে মামলা করবেন, তা হতে পারে না। আমরা সবই স্ক্রিনে দেখতে পাই। শেষবারের মতো সময় দিচ্ছি।’

দুটি আবেদনের কথা উল্লেখ করে পরে জ্যেষ্ঠ আইনজীবী তানিয়া আমীর সাংবাদিকদের বলেন, ‘একটি নিষেধাজ্ঞা চেয়ে, অপরটির আদালত অবমাননার। শুরুতে জামায়াতের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলীর জন্য আট সপ্তাহের সময় চেয়ে আবেদন করেন একজন আইনজীবী। তখন আদালত বললেন, উনি (এ জে মোহাম্মদ আলী) কি আদালত আছেন? ডিজিটাল যুগে আদালতের সামনে স্ক্রিণ আছে, সব জানা যায়। পরে জামায়াতের বর্তমান নেতাদের বিবাদী করে যে আবেদনটি করা হয়েছিল, তা উপস্থাপন করা হলে আদালত তা মঞ্জুর করেছেন। আদালত বলছেন, উনাদের হাত অনেক লম্বা। আর সময় দেবেন না। এরপর ৬ নভেম্বর শুনানির জন্য রেখেছেন।’

রাজনৈতিক দল হিসেবে ২০০৮ সালের ৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন (ইসি)। এই নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট আবেদন করেন তরীকত ফেডারেশনের তৎকালীন মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের ১ আগস্ট রায় দেন হাইকোর্টের তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ। রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে ওই বছরই লিভ টু আপিল করে জামায়াতের সেক্রেটারি জেনারেল। ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

‘এক দশক পর সমাবেশের অনুমতি পেল জামায়াত’ ও ‘নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জামায়াতে ইসলামীর, এক দশক পর ঢাকায় সমাবেশ’—এমন শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে গত ১০ জুন প্রতিবেদন ছাপা হয়। এসব প্রতিবেদন যুক্ত করে মিছিল, সভা ও সমাবেশসহ রাজনৈতিক কর্মকাণ্ড থেকে জামায়াতকে বিরত রাখতে নিষেধাজ্ঞা চেয়ে সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ অন্যরা (রিটকারী। আর জামায়াতের আমির, সেক্রেটারি জেনারেলসহ আটজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করেন তারা। গত জুন মাসে আবেদন দুটি করা হয়।