ইতিহাসচর্চায় প্রত্নতাত্ত্বিক আর মহাফেজখানা—এই দুই সূত্র গুরুত্বপূর্ণ। প্রত্নতত্ত্ব থেকে ইতিহাসের পাঠোদ্ধার করার দক্ষতার সঙ্গে দরকার প্রত্নতাত্ত্বিকের একান্ত আগ্রহ। সেই অধ্যবসায় দৃষ্টান্ত হিসেবে রেখে গেছেন প্রয়াত মওলানা নুরুদ্দিন মুহাম্মদ ফতেহপুরী। গত শতকের আশির দশকে তিনি শুরু করেছিলেন গ্রামগঞ্জে ঘুরে ঘুরে প্রাচীন আমলের বিভিন্ন মসজিদ, মাজার, কাটরা, ইমামবাড়ার মতো প্রতিষ্ঠান থেকে শিলালিপি সংগ্রহ।
আজ শনিবার দুপুরে আয়োজিত শিলালিপি গবেষক মওলানা মুহাম্মদ নুরুদ্দিন ফতেহপুরীর স্মরণসভায় উঠে আসে এসব কথা। রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ঢাকার স্থাপত্যবিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি স্মরণসভার আয়োজন করে। এ সময় মওলানা ফতেহপুরীর কাজ নিয়ে আলোচনা করতে গিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাবেক পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, রাজধানীর কমলাপুর রেলস্টেশনের পেছনে একটা দিঘি ছিল অনেক আগে। সেখান থেকে একটা পুরোনো মূর্তি উদ্ধার করা হয়েছিল। মূর্তির গায়ের লিপি পড়েই ফতেহপুরী জানিয়ে দিয়েছিলেন, সেটি লক্ষ্মণ সেনের সময়ের।
সরকারি চাকরিতে দায়িত্বরত অনেক প্রত্নতত্ত্ববিদ যে দায়িত্ব পালন করতে পারেন না, ফতেহপুরী তা নিজ আগ্রহে করে উদাহরণ তৈরি করে গেছেন বলে উল্লেখ করেন মোশারফ হোসেন।
আর্ক এশিয়ার সভাপতি অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ বলেন, নুরুদ্দিন ফতেহপুরীর জীবনের বড় অংশই কেটেছে বড় কাটরা আর বড় ভাট মসজিদের মতো দুটি মোগল স্থাপত্যের সঙ্গে। তিনি সব সময়ই ছিলেন নতুন কিছু আবিষ্কারের জন্য উন্মুখ এবং গবেষণায় নিবেদিতপ্রাণ। তাই তাঁর জ্ঞান–প্রজ্ঞা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক কামালউদ্দিন কবীর বললেন, ‘ভাষার মধ্যে থাকে আত্মপরিচয়। ভাষার মাধ্যমে জগৎ চেনা যায়। আমাদের নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যতে যেমন মধ্য যুগের কাব্য আছে, তেমনি আছে আরবি, ফার্সি ভাষার ব্যবহার। সেই সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস। শিলালিপি পড়ে পড়ে নিজের আগ্রহে সেসব পাঠোদ্ধার এবং লিপিবদ্ধ করতেন মওলানা ফতেহপুরী।
স্মরণসভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বললেন, পৃথিবীর সবচেয়ে প্রাচীন দুটি প্রতিষ্ঠান হচ্ছে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান। মওলানা ফতেহপুরীর মতো সুপণ্ডিতের গোটা জীবন এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গেই কেটেছে। অনেক রকম বিভাজনের মধ্যেও ঐক্যের চিন্তা করতে পারতেন মওলানা ফতেহপুরী। তাঁর কাজে প্রমাণ আছে, জ্ঞানের কোনো বিভাজন নেই। ঢাকার স্থাপত্য ইতিহাসে তাঁর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন মওলানা ফতেহপুরীর ছেলে কাওসার বিন নুরুদ্দিন এবং রাজধানীর বড় ভাট মসজিদের ইমাম ও খতিব মুফতি তানভির আহমেদ সিদ্দিকি। এরপর মওলানা ফতেহপুরীর জীবন ও কর্ম নিয়ে নির্মিত ‘শিলালিপি গবেষক মওলানা ফতেহপুরী’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এ সময় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
মওলানা ফতেহপুরী ১৯৪৮ সালে গাজীপুরে জন্মগ্রহণ করেন। রাজধানী ঢাকার প্রাচীন শিলালিপি নিয়ে গবেষণারত সংস্থা ঢাকার স্থাপত্যবিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির সঙ্গে ২০১০ সালে যুক্ত হন মওলানা ফতেহপুরী। তিনি ছিলেন কমিটির অন্যতম সম্পাদক। ২০২৩ সালের ১৭ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। আরবি, ফারসি ও উর্দু ভাষায় পণ্ডিত মওলানা ফতেহপুরী দেশের বিভিন্ন জেলা থেকে পাওয়া অসংখ্য শিলালিপির পাঠোদ্ধার করেছেন।