শারদীয় দুর্গাপূজা শুরু, আজ ষষ্ঠী

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিমা সাজানো, মণ্ডপের সাজসজ্জা ও আনুষঙ্গিক কাজ শেষ করতে ব্যস্ত আয়োজকেরা। গতকাল পুরান ঢাকার সূত্রাপুর এলাকার একটি পূজামণ্ডপেছবি: দীপু মালাকার

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ শুক্রবার। আজ দুর্গাষষ্ঠী। দেবীর মূল প্রতিমায় আজ থেকে পূজা হবে। আগামী বুধবার বিজয়া দশমী পর্যন্ত ছয় দিন ঢাকঢোল ও কাঁসরের বাদ্যে মুখর থাকবে পূজামণ্ডপগুলো।

আজ পূর্বাহ্ণ (সকাল) ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা হবে। সায়ংকালে (সন্ধ্যায়) দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

এবার দেবী দুর্গা আসছেন ঘোটকে (ঘোড়ায়)। বিদায় নেবেন নৌকায়। হিন্দু শাস্ত্রমতে, শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আজ আসছেন। অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবী দুর্গা।

দুর্গাপূজা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলা অঙ্গনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা। এ সময় সংগঠন দুটি জানিয়েছে, এবার দেশে ৩৩ হাজার ৮৫১টি দুর্গাপূজা হচ্ছে। গত বছর ৩২ হাজার ৩৫১টি দুর্গাপূজা হয়েছিল। আর ঢাকা মহানগরে এবার ২৫৮টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ২৬১টি পূজার আয়োজন করা হয়েছিল।

এবার মহাসপ্তমী দুই দিন। আগামীকাল শনিবার ও পরদিন রোববার মহাসপ্তমী। আগামী সোমবার মহা অষ্টমী, মঙ্গলবার মহানবমী এবং বুধবার বিজয়া দশমী ও দেবী বিসর্জন। বিজয়ার দিন বেলা তিনটায় হবে ঢাকাসহ সারা দেশে শোভাযাত্রা।

মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি

সরেজমিন গতকাল দেখা যায়, দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রাজধানীর রমনা কালীমন্দিরে দেখা যায়, প্রতিমা স্থাপন করা হলেও তা পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। এ ছাড়া মন্দির প্রাঙ্গণে আলোকসজ্জা করা হয়েছে। তৈরি করা হয়েছে গেট ও মঞ্চ।

গতকাল দুপুরে দেখা যায়, ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলা অঙ্গনের মণ্ডপেও প্রতিমা স্থাপন করা হয়েছে। প্রতিমা সাদা পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। তখন চলছিল শেষ পর্যায়ের কাজ।

‘কয়েকটি জেলায় প্রতিমা ও মন্দিরে হামলা’

ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস বলেন, দুর্গাপূজার প্রস্তুতির মধ্যে সিলেট, রাজবাড়ী, পঞ্চগড়, নেত্রকোনা ও টাঙ্গাইল জেলায় প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। ফরিদপুরে ঐতিহ্যবাহী কালীমন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট ও মন্দিরে হামলা-লুটপাট হয়েছে। নওগাঁয় গোয়েন্দা বিভাগের কর্মচারী পরিচয়ে ডাকাতির খবর পাওয়া গেছে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্বৃত্তদের অনেকেই ধরা পড়েছে।

শারদীয় দুর্গাপূজার মধ্যে এমন হামলা দেখতে চান না বলে উল্লেখ করেন শুভাশীষ কুমার বিশ্বাস।

বিজিবি-আনসার-ভিডিপি মোতায়েন

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গতকাল বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বাসসকে জানান, দুর্গাপূজায় এবার প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে। গতকাল বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে।

অন্যদিকে গতকাল আনসার-ভিডিপি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ রাখতে সারা দেশে আনসার-ভিডিপির ২ লাখ ১২ হাজার ৮১৮ জন সদস্য মোতায়েন করা হয়েছে।