লে. জেনারেল (অব.) সারওয়ার্দীকে ১০ দিনের রিমান্ডের আবেদন
লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে এই রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।
এর আগে গতকাল মঙ্গলবার পল্টন থানার মামলায় চৌধুরী হাসান সারওয়ার্দীকে সাভার থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফিকে গত শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সঙ্গে করে নিয়ে যান হাসান সারওয়ার্দী। পরে মিয়া আরেফিকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে চৌধুরী সারওয়ার্দীর বিষয়ে জানতে চান এক সাংবাদিক। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘তাকে ছাড়া হবে না। ইতিমধ্যে নির্দেশ দিয়েছি, গ্রেপ্তার করা হবে। তাকে খোঁজ করা হচ্ছে। তাকে ঠিকই ধরা হবে এবং জিজ্ঞেস করা হবে, সে কেন এ রকম ফ্রড করল।’
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরপরই সারওয়ার্দীকে গ্রেপ্তারের খবর জানা যায়।
গত শনিবার সন্ধ্যায় আরেফি নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।
পল্টন থানায় গত রোববার মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি বাদী হয়ে আরেফিসহ তিনজনকে আসামি করে মামলা করেন। ওই মামলার বাকি দুই আসামি হলেন চৌধুরী হাসান সারওয়ার্দী ও বিএনপি নেতা মো. ইশরাক হোসেন।
পুলিশ সূত্র জানায়, অন্যের রূপ ধারণ ও মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাস ভঙ্গ করার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত রোববার সকালে আরেফিকে আটক করে পুলিশ।
আরেফিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, আরেফি ২৮ অক্টোবরের কর্মসূচির বিষয়ে বিশেষভাবে জানতেন না। চৌধুরী হাসান সারওয়ার্দী তাঁকে বিএনপি অফিসে নিয়ে যান। সেখানে ইশরাকও উপস্থিত ছিলেন। পরে আরেফিকে তাঁরা জো বাইডেনের উপদেষ্টা ও ডেমোক্রেটিক পার্টির নেতা বলে পরিচয় করিয়ে দিয়ে কথা বলার অনুরোধ জানান। তখন তিনি শিখিয়ে দেওয়া কথা বলেন।