নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ নিহত ৪
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্টেটে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক এবং এক মার্কিন নারী নিহত হয়েছেন। ৬ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে কলাম্বিয়া কাউন্টির ক্ল্যাভারাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জায়গাটি নিউইয়র্ক শহর থেকে ১২০ মাইল এবং আলবানি থেকে ৩২ মাইল দূরে।
কলাম্বিয়া কাউন্টি শেরিফ দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, আলবানি এলাকার লাউডনভিলের বাসিন্দা ২৯ বছর বয়সী নাজমুল এম রুবেল একটি ২০০৯ মডেলের টয়োটা প্রিয়াস গাড়ি চালিয়ে নিউইয়র্ক শহর থেকে আলবানির উদ্দেশে যাচ্ছিলেন। পথে ৫৯৯১ রুট ৯এইচ/২৩ এলাকায় পৌঁছালে অজ্ঞাত কারণে গাড়িটি রাস্তার মাঝখানের বিভাজক রেখা (সেন্টার লাইন) অতিক্রম করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ২০২৫ মডেলের টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে নাজমুল রুবেল ঘটনাস্থলেই প্রাণ হারান।
পুলিশ জানিয়েছে, রুবেলের গাড়িতে থাকা চার আরোহীর মধ্যে ব্রঙ্কসের বাসিন্দা মোহাম্মদ হিরামন (৬০) ও ফাহিম হালিম (২৫) ঘটনাস্থলেই নিহত হন। গাড়িতে থাকা ৩৩ বছর বয়সী ফাতিমা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় আলবানি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ছাড়া এক বছর বয়সী শিশুকন্যাকে ‘লাইফ নেট’ হেলিকপ্টারের মাধ্যমে একই হাসপাতালে নেওয়া হয়েছে। শিশুটির অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন।
অন্যদিকে টয়োটা ক্রাউন গাড়িটি নিয়ে আলবানির স্টকপোর্ট এলাকা থেকে নিউইয়র্ক শহরের দিকে আসছিলেন ব্রুকলিনের বাসিন্দা ২৪ বছর বয়সী লুকা পালভেনিয়ান। দুর্ঘটনায় তাঁর গাড়ির যাত্রী মার্কিন নাগরিক জুলিয়া রিচি (৬২) ঘটনাস্থলেই নিহত হন। চালক লুকা পালভেনিয়ানকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর উদ্ধারকাজ ও তদন্তে সহায়তা করতে নিউইয়র্ক স্টেট পুলিশ, ক্ল্যাভারাক ফায়ার কোম্পানি, লিভিংস্টন ফায়ার কোম্পানি, গ্রিনপোর্ট রেসকিউ স্কোয়াড, ভালাটি রেসকিউ স্কোয়াড, চ্যাথাম রেসকিউ স্কোয়াড, লাইফ নেট এবং কলাম্বিয়া কাউন্টি করোনরের কার্যালয় অংশ নেয়। তদন্তের স্বার্থে সড়কটি প্রায় চার ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল।
কলাম্বিয়া কাউন্টি শেরিফ দপ্তরে যোগাযোগ করা হলে তারা জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে।
নিহত ব্যক্তিদের পরিবার জানিয়েছে, নিহত তিন বাংলাদেশির জানাজা আজ ৮ এপ্রিল বুধবার জোহরের নামাজের পর ব্রঙ্কসের বাইতুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে।