পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের দায়িত্ব বেড়েছে
পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে নির্ধারিত দায়িত্বের বাইরেও অন্য সব বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। আজ রোববার জারি করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকালে দেশের বাইরে অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সে সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বের বাইরেও অন্য সব বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রে বলা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী প্রতিমন্ত্রীদ্বয়ের নিকট অর্পিত নির্দিষ্ট দায়িত্বের বাইরেও হুমায়ুন কবির অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রোববার সন্ধ্যায় নিউইয়র্ক যাত্রা করেছেন। আগামী ২২ অক্টোবর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কর্মকাণ্ড পরিচালনার জন্য তিনি নিউইয়র্কে অবস্থান করবেন।
পররাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্বে যুক্ত হওয়ার ক্ষেত্রে তাঁর এ অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের কাজ যাতে ব্যাহত না হয় এবং বৈদেশিক নীতির ধারাবাহিকতা বজায় থাকে, সে জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান খলিলুর রহমান। গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে গোপন ব্যালটে খলিলুর রহমান সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে ৯৯-৯১ ভোটে হারিয়ে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। ৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি নিউইয়র্কসহ বিভিন্ন দেশে দীর্ঘ সময় অবস্থান করবেন। তিন দশক আগে ১৯৮৬-৮৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী।
২১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার রদবদলে হুমায়ুন কবিরকে টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। শামা ওবায়েদ ইসলামও পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদে বহাল থাকেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় ২৩ আগস্টের পরিপত্রে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ হিসেবে চিহ্নিত করে দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়।