ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বর্জনের সিদ্ধান্ত আইনজীবী সমিতির

ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলমকে প্রত্যাহারের দাবিতে ঢাকা আইনজীবী সমিতি আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়।

ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা আইনজীবী সমিতি সর্বসম্মতিক্রমে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। যত দিন পর্যন্ত ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলমকে প্রত্যাহার না করা হবে, তত দিন পর্যন্ত এ আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৈয়দ নজরুল ইসলাম আরও বলেন, মো. নূরে আলম দীর্ঘদিন ধরে সাধারণ আইনজীবীদের সঙ্গে বিচারকসুলভ আচরণ করছেন না। সাধারণ আইনজীবীদের অভিযোগ, তিনি অনেক দিন ধরেই আইনজীবীদের সঙ্গে বিচারকসুলভ আচরণ করছেন না। ঢাকা আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান আইনজীবী নেতা এবং সাধারণ আইনজীবীদের সম্মতিক্রমে এ আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সমাজকল্যাণ সম্পাদক মাহবুব রানা প্রথম আলোকে জানান, আইনজীবীদের সঙ্গে বিচারকসুলভ আচরণ না করার কারণে গত রোববার, গতকাল সোমবার ও আজ সাধারণ আইনজীবীরা সাইবার ট্রাইব্যুনাল বর্জন করেছেন। ঢাকা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ দুপুরে ঢাকা বারের সাবেক ও বর্তমান কমিটির সভায় এ আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ আইনজীবীদের দাবি, ওই বিচারককে সাইবার ট্রাইব্যুনাল থেকে প্রত্যাহার করতে হবে।

ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সভাপতি খোরশেদ আলম মিয়া প্রথম আলোকে বলেন, আগে থেকেই সাইবার ট্রাইব্যুনালের বিচারকের ব্যবহারে অনেক সাধারণ আইনজীবী অসন্তুষ্ট। গত বৃহস্পতিবার একটি মামলায় জামিন আবেদন নাকচের পর সংশ্লিষ্ট আইনজীবীর সঙ্গে বিচারকসুলভ আচরণ করেননি বলেও আইনজীবীরা সমিতির কাছে অভিযোগ করেছেন। এর পর থেকে সাধারণ আইনজীবীরা ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বর্জন করে আসছেন।