মোহাম্মদপুরে ‘নিষ্ঠুরভাবে’ বিড়াল হত্যা মামলার রায় ১৭ ফেব্রুয়ারি
রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার ঘটনায় করা মামলার রায় আগামী ১৭ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। একই এলাকার বাসিন্দা আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে ওই মামলা হয়েছিল।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর রায়ের তারিখ জানান।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন, ‘এ মামলায় চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ১৭ ফেব্রুয়ারি রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন। আশা করি, এ রায়ে সমাজে একটি দৃষ্টান্ত তৈরি হবে।’
আসামির সর্বোচ্চ সাজা দাবি করে এই আইনজীবী আরও বলেন, অভিযোগ প্রমাণিত হলে আসামির সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
বিড়াল হত্যার ঘটনায় ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী। সেদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে মোহাম্মদপুর থানা-পুলিশকে নির্দেশ দেন।
পরে মোহাম্মদপুর থানা-পুলিশ আসামি আকবরের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেয়। গত বছরের ১৪ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলার বাসিন্দা মনসুরের একটি বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটি নিথর অবস্থায় পড়ে থাকে। তখন আসামি পা দিয়ে পাড়া দিয়ে বিড়ালটির মৃত্যু নিশ্চিত করেন।