এনএসইউর সাবেক ট্রাস্টির জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্ট
ফাইল ছবি

অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সাবেক ট্রাস্টি মোহাম্মদ শাহজাহানকে শর্তসাপেক্ষে হাইকোর্ট যে জামিন দিয়েছিলেন, তা বহাল রেখেছেন আপিল বিভাগ।

শাহজাহানের জামিন মঞ্জুর করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লিভ টু আপিল আজ সোমবার খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ। এর ফলে শাহজাহানের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর অন্যতম আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ।

মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন শাহজাহান। আবেদনের শুনানি নিয়ে গত ৮ আগস্ট তাঁর জামিন প্রশ্নে রুল দেন হাইকোর্ট। চূড়ান্ত শুনানি শেষে গত ১৪ ডিসেম্বর হাইকোর্ট রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে রায় দেন। রায়ে আদালতের অনুমতি ছাড়া শাহজাহান দেশের বাইরে যেতে পারবেন না, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেতে পারবেন না—এ দুই শর্তে তাঁকে জামিন দেওয়া হয়।

জামিনের বিরুদ্ধে দুদক আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। একই সঙ্গে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এ ছাড়া দুদককে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়। এর ধারাবাহিকতায় দুদকের লিভ টু আপিল আজ আপিল বিভাগে শুনানির জন্য ওঠে।

আপিল বিভাগে দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। শাহজাহানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ ও শাহ মঞ্জুরুল হক।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে গত ৫ মে মামলা করে দুদক। মামলায় এই দুই ট্রাস্টিসহ চার ট্রাস্টি হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করে।

গত ২২ মে হাইকোর্ট আগাম জামিন আবেদন খারিজ করে দিয়ে শাহজাহানসহ চারজনকে পুলিশে সোপর্দ করেন। সাবেক অপর তিন ট্রাস্টি হলেন—এম এ কাশেম, রেহানা রহমান ও বেনজীর আহমেদ। তাঁরা জামিনে কারামুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।