নড়াইলের দুই নারী লাঠিয়াল এখন ঢাকায়
জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার কথা, ‘তাঁরা নড়াইলের গর্ব’। মাশরাফির এই গর্ব হলেন মোনালিসা ও তানিয়া খানম। তাঁরা লাঠিয়াল। লাঠি খেলেন বলে গ্রামে তাঁদের নিয়ে নানা কথা। তাঁদের বিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। কিন্তু বিয়ে করতে নারাজ এই দুজন বাড়ি ছেড়ে ঢাকা এসেছেন। তাঁরা বলছেন, তাঁরা পড়াশোনা করতে চান। সাড়া দেশে ছড়িয়ে দিতে চান লাঠিখেলা।
মোনালিসা ও তানিয়া খানমের বাড়ি নড়াইলের বাঁশগ্রাম উপজেলার বগুড়া গ্রামে। দুজনই ২০১৩ সালে এসএসসি পাশ করেছেন। তানিয়া নড়াইল সিটি কলেজ ও মোনালিসা নড়াইল সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। এরপর বাড়ি থেকে বিয়ের জন্য চাপ সৃষ্টি হয়। সেই চাপ পাশ কাটিয়ে এসে পড়েছেন ঢাকায়।
যেভাবে খেলার শুরু
মোনালিসা ও তানিয়ার লাঠিখেলা খানিকটা পারিবারিক ঐতিহ্যের অংশ। সর্দার বাচ্চু মিয়া দলে মেয়েদের অন্তর্ভুক্ত করেন ২০১২ সাল থেকে। মোনালিসার চাচা বাচ্চু মিয়া। আর বাচ্চু মিয়ার ফুপাতো বোনের মেয়ে তানিয়া। এই বাচ্চু মিয়ার কাছ থেকে এ খেলা রপ্ত করেছেন তাঁর দুজন। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, বগুড়া গ্রামের বাচ্চুর মিয়ার পরিবারের প্রায় সবাই লাঠি খেলে। তাঁর পরিবার ও আশপাশের নারী-পুরুষদের নিয়ে গড়ে তোলা দলটির নাম ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ লাঠিয়াল দল’। ৩০ সদস্যের দলে এখন ৮ জন নারী, তাদের ৬ জনই পরিবারের সদস্য। বাকি দুজন পরিবারের বাইরে থেকে এসে দলে যোগ দিয়েছেন।
নিজ এলাকার বীরের নামে গঠন করা দল নিয়ে দেশের বিভিন্ন জায়গায় খেলা দেখিয়ে ইতিমধ্যে নজর কেড়েছে তারা। বড় বড় রাষ্ট্রীয় অনুষ্ঠানে খেলা দেখিয়ে প্রশংসিত হয়েছে দলটি। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুদিনের আয়োজনে খেলা দেখিয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ লাঠিয়াল দল।
মেয়েদের নিয়ে লাঠিয়াল দল করা সহজ ছিল না। নড়াইলের এই দুই নারী জানালেন, ২০১২ সাল দলে মেয়েদের অন্তর্ভুক্ত করায় শুরুতে চমকে যায় গ্রামবাসী। পরে শুরু হয় হাসাহাসি। তারপর বলতে থাকে কটুকথা— মেয়েরা খেলবে লাঠি! কিন্তু বাচ্চু মিয়া নাছোড়বান্দা। বংশ পরম্পরায় পাওয়া ঐতিহ্যবাহী এ খেলা ছেলে-মেয়ে সবাই মিলে বাঁচিয়ে রাখতে হবে, এই ছিল তাঁর প্রতিজ্ঞা। তাই পরিবারের মেয়েরা যুক্ত হয় তাঁর দলে। একসময় এসে যোগ দেন পরিবারের বাইরের অনেক মেয়ে। প্রতি বছর মার্চ মাসে গ্রামে লাঠিখেলার একটি উৎসব করে দলটি। বিভিন্ন জেলা থেকে সেখানে খেলতে আসে বেশ কয়েকটি দল। বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, ‘মেয়েরা যখন স্কুলে যেত, কয়েকটা ছেলে বিরক্ত করত তাদের। বিষয়টা জানার পর লাঠি চালানোর প্রশিক্ষণ দিলাম। একদিন ছেলেগুলোকে ধরে পিটুনি দেয় মেয়েরা। তারপর নিজেদের নিরাপত্তার খাতিরে অনেক মেয়ে আমাদের কাছে লাঠিখেলা শিখতে আসে।’ তিনি বলেন, ‘মেয়েরা ক্রিকেট, ফুটবল থেকে সব খেলাই খেলে। ভাবলাম ঐতিহ্যবাহী লাঠিও খেলতে পারবে তারা। শুরুতে পরিবারের সদস্যদের শেখালাম। এখন অনেকেই শেখে।’
মোনালিসা প্রথম আলোকে বলেন, টাকা রোজগারের জন্য না, মূলত লাঠিখেলা টিকিয়ে রাখতেই পারিবারিকভাবে তারা এই খেলার প্রশিক্ষণ নিয়েছে। বলেন, ‘গ্রামে বিয়ের অনুষ্ঠানে গিয়ে খেলা দেখিয়ে কোনো টাকা নিই না। কেবল আনন্দের জন্য খেলি। এ ছাড়া আমাদের ওখানে লাঠিখেলার একটা বড় উৎসব আয়োজন করা হয়।’
দল এগিয়েছে, সঙ্গে রয়েছেন মাশরাফি
নড়াইলের জেলা প্রশাসকের দপ্তর থেকে গত অক্টোবরে ডাক পায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ লাঠিয়াল দল। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ৫০ হাজার টাকা অনুদান দেন দলটিকে। এত দিন ধরে লাঠিখেলার অনুশীলন হতো বাচ্চু মিয়ার বাড়িতে। এবার এই টাকায় একটি ক্লাব তৈরি হবে, যাতে অন্য জায়গা থেকে আসা আগ্রহীরা অনুশীলন করতে পারে।
আর ক্লাবের জন্য জায়গার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন মাশরাফি। মোনালিসা বলেন, ‘মাশরাফি ভাইয়া আমাদের অনেক সহযোগিতা করেছেন। তিনি অনেক দিন ধরেই আমাদের জন্য চেষ্টা করছেন। তিনি ক্লাব করার জন্য আমাদের একটি জায়গার ব্যবস্থা করে দেবেন বলেছেন।’
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা প্রথম আলোকে বলেন, ‘আমি দেখেছি ওদের তেমন চাওয়া-পাওয়া নেই। ঐতিহ্য ধরে রাখতেই ওরা খেলছে। ওদের যতটা সাপোর্ট দরকার, আমরা দিতে চেষ্টা করেছি। আমি জানি একটা ক্লাব করার জন্য ওদের জায়গা দরকার। এটা জেলা প্রশাসক সরকারিভাবে ব্যবস্থা করতে পারেন, নয়তো ক্লাব করার জন্য কেউ তাদের উপহার হিসেবে দিতে পারেন। ওদের জন্য সবসময় আমার শুভকামনা রয়েছে।’
এরপরও প্রতিবন্ধকতা
খোদ মাশরাফি পাশে থাকা ও জেলা প্রশাসক পাশে থাকার পরও সংকটে রয়েছেন মোনালিসা ও তানিয়ারা। তাঁদের ভাষায়, বয়স আঠারো হলে বাঁশগ্রাম উপজেলার বগুড়া গ্রামের মেয়েদের বিয়ে না দিয়ে যেন পারেন না অভিভাবকেরা। দলের বেশ কয়েকটি মেয়ের ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে। পড়ালেখা ও খেলা থেকে এরই মধ্যে বিচ্ছিন্ন তাঁরা। কিন্তু তানিয়ারা চান, আরও লেখাপড়া করতে। তিনি বলেন, ‘আমি পড়াশোনার পাশাপাশি লাঠিখেলা চালিয়ে যেতে চাই। এই খেলাটা নিয়ে গবেষণা করারও ইচ্ছে আমার।’
অন্যদিকে মোনালিসা চান, এই খেলাটাকে মানুষ মর্যাদা দিক। তিনি বলেন, ‘গ্রামের লোকেরা জানে আমরা লাঠি খেলি। গ্রামের বা জেলার বাইরে খেলতে যাই। তবু বাবা-মায়ের কাছে মন্দ কথা বলে। পয়লা বৈশাখে অনেকগুলো খেলা ছিল। রাতে ফিরতে বেশ দেরি হয়ে গিয়েছিল। এত রাত করে ছেলেদের সঙ্গে বাড়ি ফেরা ভালো চোখে দেখেনি গ্রামের লোকেরা। অথচ এই ছেলেরা প্রায় সবাই আমাদের পরিবারের সদস্য। আমি চাই, এই খেলাকে লোকে সম্মান করুক। পড়াশোনার পাশাপাশি এই খেলা আমরা চালিয়ে যেতে চাই।’
শিগগিরই স্নাতক শ্রেণিতে ভর্তি হবেন মোনালিসা ও তানিয়া। রাজধানী ঢাকার ফ্যাশন হাউস যাত্রায় চাকরি নিয়েছেন, পাশাপাশি লাঠিখেলার প্রশিক্ষক হিসেবেও কাজ শুরু করেছেন তাঁরা। এরই মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষণ দিয়েছেন তানিয়া। সম্প্রতি যাত্রা শুরু করা ঢাকা লাঠিয়াল একাডেমির প্রশিক্ষক হিসেবেও কাজ শুরু করেছেন এ দুই লাঠিয়াল।