চট্টগ্রাম নগরের হালিশহরে রেলওয়ের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) লাইনচ্যুত ওয়াগনের তেল প্রায় আধা কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। নগরের মহেশ খালের শাখাখালে ছড়িয়ে পড়া এই তেল সংগ্রহ করতে নেমে পড়েছেন স্থানীয় ব্যক্তিরা। অনেকে ফোম বা স্পঞ্জ–জাতীয় জিনিস দিয়ে পানি থেকে তেল ছেঁকে নিচ্ছেন। এদিকে পানিতে তেল ছড়িয়ে পড়ায় ঝুঁকিতে পড়েছে জীববৈচিত্র্য।
নগরের গুপ্তখাল এলাকায় অবস্থিত বিভিন্ন তেল কোম্পানি থেকে তেল ভর্তি করে ট্রেনটি সিজিপিওয়াইতে আসছিল। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে সিজিপিওয়াইয়ের তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়। ইয়ার্ডে প্রবেশ করার মুহূর্তে লাইনচ্যুতির ঘটনা ঘটে। ওই তিন ওয়াগনের মধ্যে দুটি ওয়াগনের প্রায় সব তেল পড়ে যায়। অন্যটির মুখ আটকাতে সক্ষম হন রেলওয়ের কর্মীরা। আর এ ঘটনার পরপরই স্থানীয় ব্যক্তিরা খাল থেকে তেল সংগ্রহে নেমে পড়েন।
রেললাইন থেকে মহেশ খালের শাখাখালের দূরত্ব প্রায় ১০০ ফুট। লাইনচ্যুত হওয়া ওয়াগন থেকে তেল এই সিজিপিওয়াই থেকে শাখাখালের এছাক ব্রাদার্স পর্যন্ত আধা কিলোমিটার এলাকায় ছড়িয়েছে। সেখানে এছাক ব্রাদার্স ডিপোর দেওয়া স্লুইসগেট (জলকপাট) রয়েছে। জলকপাটের কারণে মূল খাল ও নদীতে তেল বেশি দূর ছড়িয়ে পড়তে পারেনি।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এই এলাকায় গিয়ে দেখা যায়, সিজিপিওয়াইয়ের পাশ দিয়ে প্রবাহিত খালটিতে ময়লা-আবর্জনা রয়েছে। নোংরা পানিতে ভাসছে তেল। সেখানে অন্তত ৫০ জনকে তেল সংগ্রহ করতে দেখা যায়। তাঁদের মধ্যে শিশু-কিশোরও রয়েছে। তাঁরা প্রথমে স্পঞ্জ দিয়ে পানি থেকে তেল ছেঁকে নিচ্ছেন, তা বালতি বা গামলায় রাখছেন। পরে তা রাখা হচ্ছে বড় ড্রামে। রেললাইনের পাশের খালের পানিতে যতটা তেল দেখা গেছে, স্লুইসগেটের দুই পাশে ততটা দেখা যায়নি।
সেখানে তেল সংগ্রহ করছিলেন, এমন ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁরা সব মিলিয়ে প্রায় তিন হাজার লিটার তেল সংগ্রহ করেছেন। সংগৃহীত তেল দোকানে বিক্রি করবেন তাঁরা। প্রতি লিটার ২০-২৫ টাকা করে বিক্রি করবেন।
তেল সংগ্রহকারীদের একজন নূর নওশাদ প্রথম আলোকে বলেন, শুরুতে রেলওয়ের লোকজন যতটা পেরেছেন, ততটা সংগ্রহ করেছেন। এরপর তেল রেললাইন থেকে খালে ছড়িয়ে যায়। এখন তাঁরা তেল সংগ্রহ শুরু করছেন।
মো. রফিক নামের এক চা–দোকানি বলেন, ফোম দিয়ে তেল সংগ্রহ করেছেন তিনি। পেয়েছেন ৩০ লিটার তেল। এই তেল বিক্রি করবেন।
ঘটনাস্থল পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের রসায়নবিদ জান্নাতুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, লাইনচ্যুত ওয়াগনগুলো থেকে পড়া তেলের কিছু অংশ মাটিতে মিশে যায়। এই তেল খালেও ছড়িয়ে পড়েছে। রেললাইনের পাশের খালে যে রকম তেল ভাসতে দেখে গেছে, মূল খালে তা দেখা যায়নি। মূলত জলকপাট দিয়ে পানিপ্রবাহ বন্ধ রাখার কারণে তেল হয়তো বেশি পরিমাণে খালে ও নদীতে ছড়াতে পারেনি। তারপরও খাল ও নদীতে তেল মিশেছে কি না, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন।
এদিকে রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি ওয়াগন ৩৪ হাজার লিটার তেল ধারণক্ষমতা সম্পন্ন। তবে ওয়াগনগুলোয় ডিজেল ছিল ৩০ হাজার লিটার করে। লাইনচ্যুত দুটি ওয়াগন থেকে অধিকাংশ তেল নিচে পড়ে গেছে। অন্যটিরও কিছু পরিমাণ তেল বাইরে পড়ে যায়। তবে ঠিক কী পরিমাণ তেল পড়ে গেছে, সে হিসাব এখনো পরিমাপ করা হয়নি বলে জানান কর্মকর্তারা।
রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ওয়াগন থেকে ছড়িয়ে পড়া তেল যাতে বেশি জায়গায় ছড়িয়ে যেতে না পারে, সে জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরাও চেষ্টা করেছেন। তবে তেল ছড়িয়ে পড়া রোধে প্রযুক্তি বা যন্ত্রপাতি না থাকায় কিছু তেল খালে ছড়িয়ে পড়েছে।
এক দিন পর ওয়াগন উদ্ধার
গতকাল সন্ধ্যায় ওয়াগন লাইনচ্যুত হওয়ার পর উদ্ধার তৎপরতা শুরু হয়। আজ সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, উদ্ধারকারী ট্রেনের মাধ্যমে লাইনচ্যুত একটি ওয়াগন উদ্ধারের প্রক্রিয়া চলছিল। পরে সিজিপিওয়াই স্টেশনের মাস্টার আবদুল খালেক বিকেলে প্রথম আলোকে বলেন, বিকেলের মধ্যে সব কটি ওয়াগন উদ্ধার করা সম্ভব হয়েছে।
ঝুঁকিতে জীববৈচিত্র্য
এর আগে ২০১৫ সালে ২০ জুন চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলার সীমান্তে শাইরাপুল এলাকায় হারগেজি খালের (বোয়ালখালী) সেতু পার হওয়ার সময় তা ভেঙে ফার্নেস তেলবাহী দুটি ওয়াগন খালে পড়ে যায়। আরেকটি অর্ধেক ডুবে যায়। তিনটি ওয়াগন থেকে তেল কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়েছিল। সেই সময়ও মৎস্যসম্পদসহ জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছিল। এবারও সেই ঝুঁকি রয়েছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনজুরুল কিবরীয়া প্রথম আলোকে বলেন, বেশি এলাকাজুড়ে তেল ছড়িয়ে পড়লে মৎস্যসম্পদসহ জীববৈচিত্র্যের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। রেললাইন থেকে ওয়াগন লাইনচ্যুত হয়ে আগেও কর্ণফুলী নদীতে তেল ছড়িয়ে পড়েছিল। দেশের বিভিন্ন জায়গায়ও এই ধরনের ঘটনা ঘটেছিল। কিন্তু তেল ছড়িয়ে পড়া রোধ করতে যে ধরনের প্রযুক্তি বা যন্ত্রপাতির প্রয়োজন, তা সংগ্রহে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনীহা রয়েছে।