আদানির বিদ‍্যুতের দাম কমাতে আলোচনা চলছে: বিদ্যুৎমন্ত্রী

পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬–এর দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ১৪ নভেমস্বরছবি: আয়োজকদের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্বভৌম গ‍্যারান্টি দিয়ে বিদ্যুৎকেন্দ্রের চুক্তি করা হয়েছে বলে উল্লেখ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, এ গ‍্যারান্টি বাতিল করা যায় না। চুক্তি নিয়ে দর–কষাকষি করা যায়। তা ছাড়া বিদ‍্যুতের দরকার আছে। বেশি কিছু করতে গিয়ে বিদ‍্যুৎ বন্ধ হলে আবার আন্দোলন শুরু হয়ে যাবে। আদানির বিদ‍্যুতের খরচ কমানোর চেষ্টা চলছে। একটি প্রতিনিধিদল ভারতে গিয়ে ওদের সঙ্গে আলোচনা করেছে। আলোচনা চলমান।

পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬–এর দ্বিতীয় অধিবেশনে এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী  এ কথা বলেন। রাজধানীর একটি হোটেলে আজ শনিবার এ সম্মেলনের আয়োজন করে দৈনিক পত্রিকা বণিক বার্তা।

ইকবাল হাসান মাহমুদ বলেন, যুদ্ধ শুরুর পর মধ‍্যপ্রাচ‍্য থেকে নিয়মিত জ্বালানি সরবরাহ ব‍্যাহত হয়। জ্বালানি পাওয়া না গেলে বিদ‍্যুৎ উৎপাদনেও সমস‍্যা হয়। এর মধ‍্যে একটি এলএনজি টার্মিনালে আগুন লাগে। ফলে শিল্পে গ‍্যাসের সংকট হয়। খোলাবাজার থেকে এলএনজি কেনা শুরু কয়। ১২ ডলার ছিল এলএনজি, সবশেষে ৩১ ডলারে কেনা হয়েছে। এলএনজি আর জ্বালানি তেলচালিত বিদ‍্যুতের খরচ সমান হয়ে যায়। এরপর তেলচালিত কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়েছে। এখন বিদ্যুৎ সহনীয় আছে, লোডশেডিং নেই। গ‍্যাসও সরবরাহ করা হচ্ছে।

সূচনা বক্তব্যের পর মন্ত্রী উপস্থিত ব‍্যবসায়ী ও বিশেষজ্ঞদের বিভিন্ন প্রশ্নের আলাদা করে উত্তর দেন। শুরুতেই জ্বালানিবিশেষজ্ঞ ম তামিম বলেন, দীর্ঘদিন ধরেই বিদ‍্যুতের সমস‍্যা হয় মূলত গরমের সময়। তাপমাত্রা কমে গেলে সংকট কমে যায়। এটা মূলত কুলিং লোডের জন‍্য হয়। এটা হয় এসি ও ফ‍্যান ব‍্যবহারের কারণে। সাশ্রয়ী এসি ও ফ‍্যান ব‍্যবহার করে তিন হাজার মেগাওয়াট চাহিদা কমানো যায়। এটা নিশ্চিত করতে হবে।

জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, গরমের সময় চাহিদা বাড়ে, লোডশেডিং বাড়ে। রাত ১২টার পরও বাড়তি চাহিদা থাকে, ব‍্যাটারি রিকশার কারণে। বেশির ভাগ চোরাই লাইন, এতে সিস্টেম লস বেড়ে যাচ্ছে। অভিযান চালিয়েও রোধ করা যাচ্ছে না। এ ছাড়া প্রকৃত বিদ‍্যুৎ চাহিদা হিসাব করা যায় না। হাত আন্দাজে ঠিক করা হয়। গত গ্রীষ্মে সর্বোচ্চ চাহিদা ছিল ১৮ হাজার  মেগাওয়াট।

বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, যেসব কেন্দ্র গ‍্যাসের অভাবে বসে আছে, সেগুলো এলএনজি থেকে চালানোর চিন্তা হচ্ছে। এতে চার হাজার মেগাওয়াট বাড়বে। তাহলে আগামী গ্রীষ্ম মোটামুটি ভালো যাবে। পারমাণবিক বিদ‍্যুৎ আসছে, সৌরবিদ‍্যুৎ আসছে, স্মার্ট গ্রিড দরকার; যা নেই। তাই ঝুঁকি থেকে যায়। সঞ্চালন লাইনের কাজ চলছে। ভয়টা পারমাণবিক বিদ‍্যুৎ নিয়ে। মধ‍্যপ্রাচ‍্য থেকে জ্বালানি এখনো আসছে না। তাই সব প্রস্তুতি নেওয়া হলেও গ্রীষ্মে ঝুঁকি থেকে যায়।

আমেরিকান চেম্বারের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, গত ২ দিন গ্রামে ছিলেন, ১২ ঘণ্টা লোডশেডিং ছিল। গ্রামে এখনো লোডশেডিং আছে। জ্বালানিসংকট উত্তরণে দুই বছর লাগবে বলে আট মাস ধরে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। এনার্জি রোডম‍্যাপ ঘোষণা করার দাবি জানান তিনি।

এলপিজির বাড়তি দামের বিষয়ে মন্ত্রী বলেন, এলপিজি আমদানি করে বেসরকারি খাত। দাম নির্ধারণ করে বিইআরসি। এখানে সরকারের কোনো ভূমিকা নেই। ডিলার, সাবডিলার, রিটেবিলার হয়ে ভোক্তাদের কাছে অসহনীয় হয়ে যাচ্ছে দাম। এটা সনাতনী পদ্ধতি। মোবাইল অ‍্যাপ বানিয়ে গ্রাহকদের সরাসরি দেওয়ার ব‍্যবস্থা করা যায়, তাহলে মধ‍্যস্বত্বভোগীরা ফায়দা নিতে পারে না।

ফুলবাড়ী থেকে কয়লা তোলার চিন্তা

দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, কূপ খননের ফলাফল ভালো, গ‍্যাস পাওয়া যাচ্ছে। কক্সবাজারের ইনানীতে ১৫ দিনের বেশি সময় ধরে আগুন জ্বলছে। তার মানে এখানে গ‍্যাস থাকতে পারে। এখানে অনুসন্ধান করা হবে। এখন আগুন নেভানো হচ্ছে। সমুদ্রে তেল, গ‍্যাস অনুসন্ধানে দরপত্র চলছে।

জ্বালানিমন্ত্রী বলেন, ফুলবাড়ীতে প্রচুর কয়লা রয়ে গেছে। যদিও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা নিয়ে বিতর্ক আছে। কিন্তু উন্মুক্ত পদ্ধতিতেই কয়লা তুলতে হবে। এখন নতুন প্রযুক্তি চলে এসেছে, এতে কয়লা তোলার পর আবার চাষাবাদ করা যাবে। কয়লাখনির মুখেই বিদ্যুৎকেন্দ্র করা হবে। এতে বিদ্যুতের খরচ কমে যাবে। তিনি আরও বলেন, এলএনজির দাম বেশি, ভর্তুকি বাড়ছে। এ সময় কয়লা ফেলে রাখার মানে হয় না। তিন মাসের মধ‍্যে কয়লার দরপত্রপ্রক্রিয়া নির্ধারণ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জার্মানি এখনো কয়লাবিদ্যুৎ চালাচ্ছে, আমেরিকা নতুন করে কয়লায় যাচ্ছে। এটা সস্তা, আমাদের করতেই হবে। আর এখন উন্নত প্রযুক্তি আছে, পরিবেশের অত দূষণ করে না। তা ছাড়া পরিবেশের নাম করে বেকারত্ব বাড়িয়ে তো লাভ নেই।’