সাংবাদিকদের ওপর হামলা, বিএনপিকে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)
ছবি: প্রথম আলো

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে দলটির শীর্ষ নেতাদের ক্ষমা ও দুঃখ প্রকাশ করার আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। তাঁরা বলেছেন, এর মধ্যে ক্ষমা না চাইলে ও দায়ী দুর্বৃত্তদের চিহ্নিত করে পুলিশে সোপর্দ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

রাজধানীতে শনিবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় কর্মরত বেশ কয়েকজন সাংবাদিক ও ফটোসাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

গণমাধ্যমকর্মীদের ওপর এই হামলার প্রতিবাদে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। মানববন্ধনে সাংবাদিক নেতারা দাবি করেন, অন্তত ৩০ জন সাংবাদিক শনিবার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, শনিবার রাজধানীতে যে ঘটনা ঘটেছে, তা নজিরবিহীন। প্রধান বিচারপতির বাসভবন, হাসপাতাল ও পেশাগত দায়িত্ব পালন করা সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জাতীয় প্রেসক্লাবের পক্ষে তিনটি দাবি তোলেন শ্যামল দত্ত। দাবিগুলো হলো অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএনপিকে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাইতে হবে, প্রকাশ্য দিবালোকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার মাধ্যমে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে, এসব হামলার ঘটনায় অব্যাহত প্রতিবাদ কর্মসূচি দিতে হবে।

সমাবেশে সভাপতির বক্তব্যে বিএফইউজের সভাপতি ওমর ফারুক বলেন, সাংবাদিকেরা কোনো দলের না। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁরা হামলার শিকার হয়েছেন। পুলিশ হামলাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে শনাক্ত করে গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সাংবাদিকদের টার্গেট করে হামলা করা হয়েছে বলে উল্লেখ করেন বিএফইউজের মহাসচিব দীপ আজাদ। অন্তত ৩০ জন সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি বিএনপির কর্মীদের ওপর শীর্ষ পর্যায় থেকে বার্তা ছিল বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।

ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, আহত কয়েকজন সাংবাদিকের অবস্থা গুরুতর। এই ধরনের হামলা চূড়ান্ত বর্বরতাকে হার মানায়।

সমাবেশে আরও বক্তব্য দেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সদস্যসচিব ও ৭১ টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদ শাকিল আহম্মেদ, ডিইউজের সাধারণ সম্পাদক আখতার হোসাইন, মাই টিভির বার্তা সম্পাদক নাজমুল হক প্রমুখ।

সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সোমবার দেশের সব প্রেসক্লাবে প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানান।