সময় টিভির চেয়ারম্যানসহ পরিচালকদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত
সময় মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালকদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলসহ এ আদেশ দেন। রুলে মামলাটির কার্যক্রম কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আইনজীবীর তথ্যমতে, সময় মিডিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের প্রতিষ্ঠানের পক্ষে ‘সানী চৌধুরী’ নামের এক ব্যক্তিকে লেটার অব অথরিটি দিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে গত ৯ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে সময় মিডিয়া লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকতা সৈয়দ জোবায়ের আহমেদ হাইকোর্টে আবেদনটি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির, সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন।
পরে আইনজীবী শিশির মনির এক ব্রিফিংয়ে বলেন, সময় টেলিভিশনের পক্ষে আহমেদ জোবায়ের (সাবেক এমডি) সানী চৌধুরী নামের একজনকে লেটার অব অথরিটি দিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের একটি মামলা করেন। সময় টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যানসহ অন্যান্য পরিচালকের বিরুদ্ধে মামলাটি করেন। নিম্ন আদালত মামলাটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।
শিশির মনির জানান, পরবর্তী সময়ে সময় টেলিভিশন লিমিটেড কোম্পানি সিদ্ধান্ত নেয় ওই মামলা পরিচালনা করবে না। যেহেতু আহমেদ জোবায়ের সময় টেলিভশনের পক্ষে মামলাটি করেছেন অথচ সময় টেলিভিশন লিমিটেড তাঁকে কোনো লেটার অব অথরিটি (ক্ষমতা অর্পণ) দেয়নি, কোনো ধরনের মামলার করার জন্য পাওয়ার (ক্ষমতা) দেয়নি। …পরবর্তী সময়ে সময় টেলিভিশন লিমিটেড আদালতে গিয়ে দরখাস্ত দিয়ে বলেছে যে মামলাটি পরিচালনা করবে না, প্রত্যাহার করে নেবে। নিম্ন আদালত এই আবেদন খারিজ করে দেন। সার্বিক পরিস্থিতি নিয়ে ফৌজদারি কার্যবিধির ৫৬১(এ) ধারায় হাইকোর্টে আবেদন করা হয়।
হাইকোর্ট আবেদনের শুনানি নিয়ে কেন ওই মামলার কার্যধারা বাতিল করা হবে না—এ বিষয়ে রুল দিয়েছেন বলে জানান আইনজীবী শিশির মনির। তিনি বলেন, সঙ্গে মামলার কার্যক্রম এক মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন। আগামী ৪ আগস্ট শুনানির জন্য নির্ধারণ করে দিয়েছেন।
মামলায় ঘটনার তারিখ ও সময় হিসেবে ২০২৪ সালের ১ ও ২ সেপ্টেম্বর থেকে বিভিন্ন সময় এবং সর্বশেষ গত ২১ মে বেলা ৩টা ৫৩ ঘটিকা এবং ১ জুন বেলা ৩টা ৪১ ঘটিকা উল্লেখ রয়েছে। যাঁদের বিরুদ্ধে মামলাটি করা হয়, তাঁরা হলেন সময় মিডিয়া লিমিটেডের সাবেক হেড অব মার্কেটিং মো. আহসানুল ইসলাম, সাবেক সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) আয়েশা সিদ্দিকা, সাবেক চেয়ারম্যান মো. হাসান, সাবেক পরিচালক মো. মোর্শেদুল ইসলাম ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান।