পেট্রোবাংলার রফিকুল এবং ইডিসিএলের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

মহানগর দায়রা জজ আদালত, ঢাকাফাইল ছবি

পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলাম এবং এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আ. সামাদ মৃধার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল। আবেদনে বলা হয়, রফিকুলের বিরুদ্ধে অবৈধভাবে গ্যাস–সংযোগ, পুনঃসংযোগ, বিল মওকুফসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। ঠিকাদারদের বিল প্রদান ও বিদেশিদের কাছে দেশের গ্যাস মজুত–সংক্রান্ত তথ্য বিক্রির মাধ্যমে তিনি ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়, অভিযোগের অনুসন্ধান চলমান। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ–সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন। অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

অন্যদিকে ইডিসিএলের এমডি আ. সামাদ মৃধার বিরুদ্ধে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম। আবেদনে বলা হয়, আ. সামাদ মৃধার বিরুদ্ধে ইডিসিএলের বিভিন্ন কেনাকাটায় টেন্ডার–বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে।

আবেদনে দুদক উল্লেখ করে, অভিযোগ–সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য তাঁর বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।