দ্রুত মামলা নিষ্পত্তির বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে: প্রধান বিচারপতি
বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গণ থেকে দ্রুত বাড়ি ফেরানোর জন্য সবাইকে যথাযথভাবে বিচারকর্ম পরিচালনা করতে নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেছেন, দ্রুত মামলা নিষ্পত্তির বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। সারা দেশে কর্মরত জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া এক অভিভাষণে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি এ নির্দেশনা দেন।
বিচার বিভাগে আরও গতিশীলতা আনার লক্ষ্যে সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে সারা দেশে কর্মরত জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান বিচারপতির মতবিনিময় ও দিকনির্দেশনামূলক ওই অভিভাষণের আয়োজন করা হয়।
অভিভাষণে সততা ও দক্ষতা নিয়ে ন্যায়বিচার করার মানসে মনোনিবেশ করার জন্য দেশের সব বিচারককে দিকনির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া দ্রুত মামলা নিষ্পত্তি কীভাবে করা যায়, সে বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। বিচারকদের পক্ষ থেকে ১২ জন বক্তব্য দেন।