সভাপতির কুশপুত্তলিকা পোড়াল চবি ছাত্রলীগের একাংশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সভাপতি রেজাউল হকের বিরুদ্ধে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ করেছেন সংগঠনটির একাংশের নেতা-কর্মীরা। পাশাপাশি বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনেরও দাবি জানিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রেজাউলের কুশপুত্তলিকা পুড়িয়ে এসব দাবি জানান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছয়টি উপপক্ষের নেতা-কর্মীরা। এই উপপক্ষগুলো হলো, ভার্সিটি এক্সপ্রেস, একাকার, বাংলার মুখ, এপিটাফ, কনকর্ড ও রেড সিগন্যাল। তারা সবাই চট্টগ্রাম সিটির সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে নিজেদের পরিচয় দেন।
জানতে চাইলে ভার্সিটি এক্সপ্রেস উপপক্ষের নেতা ও চবি ছাত্রলীগের সহসভাপতি প্রদীপ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, রেজাউল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ২০০৬-০৭ শিক্ষাবর্ষে। কিন্তু ছাত্রলীগের রাজনীতিতে এসেছেন ২০১৫ সালের দিকে। প্রশ্ন হলো ভর্তি হওয়ার পর থেকে এত দিন তিনি কোথায় ছিলেন?
প্রদীপ চক্রবর্তী দাবি করেন, ২০১৩ সালে হেফাজতে ইসলাম যখন সরকারবিরোধী আন্দোলনে নামে, তখন রেজাউল হেফাজতের পক্ষ নিয়ে ফেসবুকে লেখালেখি করেছেন। এরপরও গঠনতন্ত্রের তোয়াক্কা না করে তাঁকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
সভাপতির প্রতিদ্বন্দ্বী পক্ষের এই নেতার ভাষ্য, দায়িত্ব নেওয়ার পর থেকে নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন ঘটনায় তাঁর (রেজাউলের) নাম এসেছে। শুধু রেজাউলের কারণে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় হাসির খোরাক হয়েছে। তিনি বলেন, ‘এই অযোগ্য সভাপতিকে দ্রুত অপসারণ করতে হবে। মেয়াদহীন এই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দিতে হবে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রেজাউল প্রথম আলোকে বলেন, যাঁরা মিছিল করেছেন, তাঁরা আরেকটি পক্ষের রাজনীতির সঙ্গে যুক্ত। তাই তাঁরা প্রতিহিংসার কারণে এসব অভিযোগ করছেন। এসব সত্য নয়।’ তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন। অভিযোগকারীদের উচিত প্রতিহিংসা না করে নির্বাচনের জন্য কাজ করা।
২০১৯ সালের ১৪ জুলাই রাতে রেজাউল হককে সভাপতি ও ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে দুই সদস্যের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এ কমিটির মেয়াদ ছিল এক বছর।
মেয়াদ শেষ হওয়া প্রায় আড়াই বছর পর গত বছরের ৩১ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৩৭৬ সদস্যের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর থেকে বিভিন্ন উপপক্ষের নেতা-কর্মীরা কমিটি বাতিল চেয়ে অবরোধ, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতি দীর্ঘদিন ধরে দুটি পক্ষে বিভক্ত। একটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী ও আরেকটি চট্টগ্রাম সিটির সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে নিজেদের পরিচয় দেন। এ দুটি পক্ষ আবার ১১টি উপপক্ষে বিভক্ত।