কনস্যুলার কোরের নতুন সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল
কনস্যুলার কোর ইন বাংলাদেশের (সিসিবি) কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মঙ্গোলিয়া কনস্যুলেটের অনারারি কনসাল জেনারেল নাসরিন ফাতেমা আউয়াল। গতকাল রোববার রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত সিসিবির ১৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫-২৭ মেয়াদের জন্য এ নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
বার্ষিক সাধারণ সভা শেষে এক আনুষ্ঠানিক নৈশভোজের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি ও পোল্যান্ড প্রজাতন্ত্রের অনারারি কনসাল জেনারেল রেশাদুর রহমান। অনুষ্ঠানে রাজধানীর কূটনীতি–সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন কার্যনির্বাহী কমিটি বিভিন্ন দেশের অনারারি কনস্যুলেটের প্রতিনিধিদের সমন্বয়ে গঠন করা হয়েছে। কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন সাইপ্রাস প্রজাতন্ত্রের অনারারি কনসাল শাহাব সাত্তার ও পর্তুগালের অনারারি কনসাল সাখাওয়াত হোসেন। এ ছাড়া ক্রোয়েশিয়া প্রজাতন্ত্রের অনারারি কনসাল কাজী শাহ মুজাক্কার আহমদুল হক ইশমাম সাধারণ সম্পাদক এবং ঢাকায় আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ জামিল খান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন ভানুয়াতু প্রজাতন্ত্রের অনারারি কনসাল ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, গ্রিসের অনারারি কনসাল জেনারেল ফারুক হাসান, লাও পিডিআরের অনারারি কনসাল জেনারেল আরিক মোর্শেদ, উরুগুয়ে ওরিয়েন্টাল প্রজাতন্ত্রের অনারারি কনসাল মোস্তফা কামরুস সোবহান এবং ইসোয়াতিনির অনারারি কনসাল মোর্শেদুল আলম চাকলাদার।