আগামী বছরের মধ্যে দেশের সব জেলায় কিডনি ডায়ালাইসিসের সুযোগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশন–ওয়ার্ল্ড কিডনি অ্যালায়ান্সের (আইএফকেএফ–ডব্লিউকেএ) ২০তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিরাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ৩ কোটি ৮০ লাখের মতো মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত। কিন্তু চিকিৎসা পরিষেবা এখনো অনেক কম। এ অবস্থার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, আগামী বছরে দেশের ৬৪টি জেলার প্রতিটিতেই সরকার কিডনি ডায়ালাইসিসের সেবা চালু করবে। এ জন্য সরকার কাজ করছে। কিডনি রোগ সরকারের অগ্রাধিকারের তালিকায় আছে বলেও জানান তিনি।

আজ শনিবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশন–ওয়ার্ল্ড কিডনি অ্যালায়ান্সের (আইএফকেএফ–ডব্লিউকেএ) ২০তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের এ উদ্যোগের কথা জানান প্রতিমন্ত্রী। রাজধানীর মিরপুরের কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম এ মহিত বলেন, আগামী দিনে সরকার কিডনি সেবা সারা দেশে ছড়িয়ে দিতে চায়। দেশে প্রায় সম্ভবত চার কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। তাঁদের অনেকেই জানেনও না, কিডনির অসুখের কারণে ধীরে ধীরে বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী যেটা বলেছেন, অনেকেই জানেন না যে তাঁর কিডনি রোগ হয়েছে। এর কারণ এর রোগ নির্ণয়ের অভাব। প্রতিমন্ত্রী জানান, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস নির্ণয়ের পাশাপাশি কিডনি পরিষেবা দেওয়ার বিষয়টি যুক্ত করা হবে। এ বিষয়ে নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্টদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার বিষয়েও বলেন। এসব প্রশিক্ষণ ইতিমধ্যে শুরুও হয়ে গেছে বলে জানান তিনি।

দেশের প্রতিটি উপজেলায় কিডনির রোগী শনাক্ত করার ব্যবস্থা হবে বলে জানান এম এ মুহিত। তিনি বলেন, দেশে এখন ১৪৬টি ডায়ালাইসিস সেন্টার আছে। কিন্তু এর বেশির ভাগই রাজধানী বা বড় শহরগুলোতে এবং বড় অংশই বেসরকারি খাতের। ১৫টি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীত করা হবে। জেলা হাসপাতালগুলোতে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। আগামীতে এক হাজার ডায়ালাইসিস মেশিন কেনা হবে বলেও জানান তিনি।

আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করে দেশের খ্যাতনামা কিডনি রোগ বিশেষজ্ঞ ও কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ। তিনি বলেন, প্রথমিকভাবে কিডনি রোগ নির্ণয় করলে অনেক সমস্যার সমাধান সম্ভব। এ ক্ষেত্রে অবকাঠামো একটি বড় সমস্যা। প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ধুঁকছে। এগুলোকে ব্যবহার করতে হবে।  সেখানে মাত্র ৭ থেকে ১৪ দিনের মধ্যে প্রশিক্ষণ পাওয়া কর্মীরা প্রাথমিকভাবে রোগ নির্ণয় করতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইএফকেএফ–ডব্লিউকেএন প্রেসিডেন্ট অধ্যাপক অ্যালেসেন্দ্রো বালুউচি। তিনি বলেন, বাংলাদেশের মতো নিম্ন আয়ের দেশে কিডনির চিকিৎসা একটি বড় সমস্যা। অনেক দেশেই চিকিৎসা এবং ডায়ালাইসিসের সুযোগও সীমিত। কিন্তু এসব সমস্যার সমাধান হতে পারে যদি প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করা যায়।

এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মিসরের কায়রো ইউনিভার্সিটি হসপিটালের ইন্টারনাল মেডিসিন অ্যান্ড নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডিনা আবদেল লতিফ, কিডনি ফাউন্ডেশন, বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন রুবেল, বাংলাদেশে রেনাল সোসাইটির সদস্যসচিব ডা. ফরহাদ হোসেন চৌধুরী।