সাভারে ডিবি পরিচয়ে ছিনতাই, আটক ৫
সাভারে গাড়ি আটকে ডিবি পরিচয়ে টাকা ছিনতাইয়ের পর ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করেছেন স্থানীয় জনতা।
ছিনতাইয়ের পর মাইক্রোবাসে করে ধামরাইয়ে চলে যান ছিনতাইকারীরা। উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাসাই মডেল স্কুলের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে প্রথমে মাইক্রোবাসটি আটকে দেওয়া হয়। সেখান থেকেও পালানোর চেষ্টা করেন ছিনতাইকারীরা। কিন্তু স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়তে হয় তাঁদের।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী ব্যক্তিরা জানান, গতকাল সোমবার দুপুরে মুরগি কিনতে মিরপুর থেকে টাঙ্গাইলে যাচ্ছিলেন ভুক্তভোগী রমজান আলী, মো.সোহাগ, ইয়াছিন ও সাফায়েত হোসেন। তাঁরা সাভারের নবীনগর এলাকায় পৌঁছালে তাঁদের বহনকারী পিকআপটি আটকে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেন। পরে মুরগি ব্যবসায়ীদের একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। ব্যবসায়ীদের কাছ থেকে ৪ লাখ ৭০ হাজার টাকা নিয়ে নেন ডিবি পরিচয় দেওয়া ব্যক্তিরা। পরে সাভারের নবীনগরের কোহিনুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ভুক্তভোগী দুজনকে মাইক্রোবাস থেকে ফেলে দেওয়া হয়। পরে ওই দুই ব্যক্তি একটি বাসে উঠে মাইক্রোবাসটির পিছু নেন। তাঁরা ধামরাই উপজেলার জয়পুরা বাসস্ট্যান্ডে এসে মাইক্রোবাসটিকে আটকাতে চেষ্টা করলে মাইক্রোবাসটি ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা থেকে আমতলীগামী সড়কে ঢুকে পড়ে।
ঘটনার বর্ণনায় ভুক্তভোগী ব্যক্তিরা আরও বলেন, বাস থেকে তাঁদের একজন দ্রুত নেমে ইট ছুড়ে মাইক্রোবাসটির পেছনের কাচ ভেঙে ফেলেন। তাঁর চিৎকারে স্থানীয় কয়েকজন দুটি মোটরসাইকেল নিয়ে মাইক্রোবাসটিকে ধাওয়া করেন। এ ছাড়া স্থানীয় বাসিন্দারা বিষয়টি পরবর্তী এলাকা সোমভাগ ইউনিয়নের লোকজনকে মুঠোফোনে জানিয়ে দেন। পরে সোমভাগ ইউনিয়নের দেপাসাই এলাকার লোকজন দেপাসাই মডেল স্কুলের সামনের সড়কে ব্যারিকেড দেন। ব্যারিকেডের কাছাকাছি এসে মাইক্রোবাস থামিয়ে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন ছিনতাইকারী ব্যক্তিরা। পরে তাঁদের ধাওয়া দিয়ে আটক করে মারধর করেন স্থানীয় বাসিন্দারা। মাইক্রোবাসটির কাচ ভাঙচুর করে পাশেই সোমভাগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আটকে রাখা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ডিবি পুলিশের পোশাকের মতো দুটি পোশাক ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। খবর পেয়ে ধামরাই থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।
সোমভাগ ইউনিয়নের বাসিন্দা তোতা মিয়া প্রথম আলোকে বলেন, ডিবি পরিচয়ে ছিনতাই করে একটি মাইক্রোবাসে করে কয়েকজন সোমভাগ বাজারের দিকে আসতেছেন জানতে পেরে এলাকাবাসী সড়কে ব্যারিকেড দেন। ব্যারিকেডের কাছাকাছি এসে মাইক্রোবাস থেকে নেমে তাঁরা দৌড়ে পালাতে চাইলে ধাওয়া করে ছিনতাইকারীদের আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাঁদের প্রকৃত নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।