হলে আসনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রীদের ৩ ঘণ্টা বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে তিন ঘণ্টা বিক্ষোভ করেছেন দুটি হলের ছাত্রীরা
ছবি: প্রথম আলো

আবাসিক হলে আসনের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে তিন ঘণ্টা বিক্ষোভ করেছেন দুটি হলের ছাত্রীরা।

গতকাল রোববার রাত সোয়া আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকা থেকে শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া হলের ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে যান। উপাচার্যের বাসভবনের সামনে ৬৫ জন শিক্ষার্থী অবস্থান নেন এবং আগামী ৭ দিনের মধ্যে তাঁদের হলে আসন নিশ্চিতের দাবি জানান। পরে উপাচার্যের আশ্বাসে রাত ১১টার দিকে শিক্ষার্থীরা হলে ফিরে যান।

উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি, অবিলম্বে সিট চাই’, ‘আমরা থাকি গণরুমে ভিসি স্যার কী করে’, ‘গণরুমের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

হলের শিক্ষার্থীরা জানান, প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের তিন শতাধিক শিক্ষার্থী গণরুমে থাকেন। তীব্র গরমে ফ্যানের সংখ্যা অপর্যাপ্ত হওয়ায় তাঁরা পড়াশোনা করতে পারেন না। অনেকে গরমে অসুস্থ হয়ে পড়েছেন।

বেগম খালেদা জিয়া হলের প্রথম বর্ষের আবাসিক শিক্ষার্থী সোহাগী সামিয়া প্রথম আলোকে বলেন, তাঁরা প্রথম বর্ষের শিক্ষার্থীরা ১টি কক্ষে ৯৫ জন থাকেন। ওই কক্ষে কোনো ধরনের খাট নেই। তাঁরা কক্ষের ফ্লোরে বিছানা বিছিয়ে থাকেন। ওই কক্ষে ১৫ থেকে ১৭টি ফ্যান রয়েছে, যা এই শিক্ষার্থীদের জন্য অপ্রতুল। ওই কক্ষে কোনো ধরনের পড়ার পরিবেশ নেই বলে তিনি জানান।

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, তাঁরা এক বছরের বেশি সময় ধরে গণরুমে থাকেন। তবে তাঁদের বন্ধুরা, যাঁরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত, তাঁরা ইতিমধ্যে হলে আসন পেয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে শেখ হাসিনা হলের একাধিক শিক্ষার্থী বলেন, হলের ছাত্রলীগের আপুরা (নেত্রীরা) তাঁদের গণরুমের ছাত্রীরা যাঁরা রাজনীতি করেন, তাঁদের আসনের ব্যবস্থা করে দিয়েছেন। ছাত্রলীগের রাজনীতি করার জন্য তাঁরা আসন পেয়েছেন। অথচ সাধারণ শিক্ষার্থীদের এক বছরের বেশি সময় হলে থেকেও আসনের ব্যবস্থা হয়নি।

শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী মহসীনা রহমান মীম প্রথম আলোকে বলেন, তাঁরা প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা গণরুমে থেকে দিয়েছেন। কয়েক দিন পর তাঁদের দ্বিতীয় বর্ষেরও ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। গণরুমে পড়ার কোনো পরিবেশ না থাকায় তাঁরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারছেন না। তাঁদের দাবি একটাই, আগামী সাত দিনের মধ্যে হলে আসনের ব্যবস্থা করতে হবে।

প্রায় ৩ ঘণ্টা পর রাত ১১টার দিকে উপাচার্য অধ্যাপক নূরুল আলমের আশ্বাসে শিক্ষার্থীরা হলে ফিরে যান। উপাচার্য বলেন, নতুন হল উদ্বোধন হলে আবাসনসংকট থাকবে না। কিন্তু নতুন হলে পর্যাপ্ত কর্মচারী নিয়োগ না হওয়ায় সেটি সম্ভব হচ্ছে না। ২৭ জুলাই ইউজিসির সঙ্গে আলোচনা করে দ্রুত কর্মচারী নিয়োগের সাপেক্ষে নতুন হলে শিক্ষার্থীদের ওঠানো হবে।