শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘রাগ অঞ্জলি’
ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি অব বাংলাদেশ ও সপ্তক শাস্ত্রীয় সংগীত পরিষদ বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো ‘রাগ অঞ্জলি–২০২৬’। গত শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শাস্ত্রীয় সংগীতের সুর, তাল ও লয়ের সমন্বয় ছিল মনোমুগ্ধকর।
শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং গুরু-শিষ্য পরম্পরায় সংগীতচর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আয়োজিত হয় মনোজ্ঞ শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই ছিল একাডেমির শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের বেহালা, গিটার ও কণ্ঠসংগীতে একক ও দলীয় পরিবেশনা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক, বিশিষ্ট বেহালাশিল্পী শ্যামল চক্রবর্ত্তীর রাগ মালকোষের পরিবেশনা। তাঁর বেহালার সুরে আর রাগের গভীরতা শ্রোতাদের মুগ্ধ করার পাশাপাশি মিলনায়তনে সৃষ্টি হয় এক সংগীতময় আবহ।
এ ছাড়া অনুষ্ঠানের বড় আকর্ষণ ছিল ৫২ জন বেহালা শিক্ষার্থীর অংশগ্রহণে সম্মিলিত বৃন্দবাদন (অর্কেস্ট্রা)। একসঙ্গে ৫২টি বেহালার সুরের মেলবন্ধন অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা। পরিবেশিত হয় শাস্ত্রীয় সংগীতের রাগ ভূপালি, ‘ফুলে ফুলে ঢলে ঢলে’ ও ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’। শাস্ত্রীয় রাগ, রবীন্দ্রসংগীত ও চলচ্চিত্রের কালজয়ী সুরের এই বৈচিত্র্যময় সম্মিলিত পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতারা উপভোগ করেন।
বৃন্দবাদনের সার্বিক নির্দেশনা ও পরিচালনায় ছিলেন শ্যামল চক্রবর্ত্তী। আর অনুষ্ঠানে তবলা সংগত করেন স্বনামধন্য তবলাশিল্পী সঞ্জীব মজুমদার ও তুষার কান্তি সরকার।
আয়োজকেরা জানান, ‘রাগ অঞ্জলি–২০২৬’ কেবল একটি সংগীতানুষ্ঠান নয়। এটি নতুন প্রজন্মের শিল্পীদের প্রতিভা বিকাশ, শাস্ত্রীয় সংগীতের প্রসার এবং গুরু-শিষ্য পরম্পরার ঐতিহ্যকে এগিয়ে নেওয়ার এক প্রশংসনীয় প্রয়াস।