চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলে তালা দিয়ে, টায়ার জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের বিভিন্ন সংকট নিরসন না হওয়ায় ফটকে তালা লাগিয়ে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে দুই ঘণ্টা বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় টায়ার জ্বালিয়ে পাশের সড়কটিতেও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে প্রক্টরের আশ্বাসে রাত নয়টার দিকে কর্মসূচি স্থগিত করা হয়।
সাধারণ শিক্ষার্থীদের নামে কর্মসূচি পালন করা হলেও বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছের অনুসারী হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয় থেকে তাঁর তিন অনুসারীর বহিষ্কারাদেশ প্রত্যাহার না করার জেরে এই বিক্ষোভ হয়েছে বলে দাবি হলের প্রাধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের।
বিক্ষোভ চলাকালে প্রাধ্যক্ষের পদত্যাগসহ শিক্ষার্থীরা ৯ দফা দাবি তুলে ধরেন।
সেগুলো হলো হলের পানির ট্যাংক নিয়মিত পরিষ্কার করা, গোসলের জন্য নির্মিত হাউস (ছোট সুইমিংপুল) নিয়মিত পরিষ্কার রাখা, ইন্টারনেটের সেবা নিশ্চিত করা, খেলাধুলার সরঞ্জাম নিশ্চিত করা, হলের চারপাশ পরিষ্কার রাখা, চলমান সংস্কারকাজ দ্রুত শেষ করা, হলের কর্মচারীদের কাজের তদারক করা এবং কর্মচারীদের গাফিলতির জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া।
সন্ধ্যা সাতটার দিকে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের একটি দল বালতি, মগ ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে হলের ফটকের সামনে অবস্থান করছেন। আবার কিছু শিক্ষার্থী ফটকের বাইরের সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নিয়েছেন। এ সময় ‘প্রভোস্টের (প্রাধ্যক্ষ) পদত্যাগ/ করতে হবে, করতে হবে; আমাদের দাবি, আমাদের দাবি/ মানতে হবে, মানতে হবে; পানির সমস্যা সমাধান/ করতে হবে, করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় তাঁদের।
জানতে চাইলে বিক্ষোভে অংশগ্রহণ করা সমাজতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর আলম প্রথম আলোকে বলেন, হলের সমস্যাগুলো দীর্ঘদিনের। এ বিষয়ে প্রাধ্যক্ষকে একাধিকবার জানানো হলেও তিনি ব্যবস্থা নেননি।
তবে আলাওল হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, সমস্যা-সংকটের কথা বলা হলেও মূলত কয়েকজন শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার না করায় আন্দোলন করা হচ্ছে। বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা এক সহকারী প্রক্টরকে মারধর করার চেষ্টা করেছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইলিয়াছের নেতৃত্বাধীন বিজয় উপপক্ষের ১২ নেতা-কর্মীকে সংঘর্ষ, কক্ষ ভাঙচুর এবং দেশীয় অস্ত্র নিয়ে সহকারী প্রক্টরের দিকে তেড়ে আসার অভিযোগে বহিষ্কার করা হয়।
তাঁদের মধ্যে নয়জনের বহিষ্কারাদেশ গত ৩১ জুলাই প্রত্যাহার করা হয়। বাকি তিনজনের আদেশ প্রত্যাহারের জন্য এ উপপক্ষের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিচ্ছিলেন। গতকাল বুধবার বিকেলে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা যায় কি না, এ বিষয়ে একটি সভা হয়। সভায় বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার না করে বহাল রাখার সিদ্ধান্ত হয়। এ কারণে বিক্ষোভ করা হতে পারে বলে ধারণা শিক্ষকদের।
তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে তিনিও বিক্ষোভে ছিলেন। এর সঙ্গে বহিষ্কারের কোনো সম্পর্ক নেই।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর উপাচার্যকে শিক্ষার্থীদের দাবির বিষয়ে জানানো হয়েছে। শিগগিরই সব সমস্যার সমাধান করা হবে।