চট্টগ্রাম নগরে বেলা ৩টার মধ্যে ৮০ শতাংশ কোরবানির বর্জ্য অপসারণ, দাবি মেয়রের
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী জানিয়েছেন, আজ বৃহস্পতিবার বেলা তিনটার মধ্যে কোরবানির বর্জ্য ৮০ শতাংশ অপসারণ করা হয়েছে। বাকি বর্জ্য সন্ধ্যা সাতটার মধ্যে অপসারণ করা হবে। কোরবানির বর্জ্য পরিষ্কারের জন্য সিটি করপোরেশনের কর্মীরা কাজ করে যাচ্ছেন।
পবিত্র ঈদুল আজহায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনের সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এ তথ্য জানান। তিনি নগরের আলমাস মোড়ে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় মেয়র মো. রেজাউল করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, কোরবানির সময় চট্টগ্রাম নগরে প্রায় ৯ হাজার টন বর্জ্য উৎপন্ন হয়েছে। এসব বর্জ্য অপসারণে আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়। সকাল থেকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের ৪ হাজার ৭০০ কর্মী বর্জ্য পরিষ্কারের কাজ শুরু করেন। এসব বর্জ্য সরিয়ে নেওয়ার জন্য সাড়ে ৩০০ গাড়ি ব্যবহার করা হচ্ছে। আর সিটি করপোরেশনের ৪১ ওয়ার্ডের কাউন্সিলররা নিজেদের ওয়ার্ডে বর্জ্য অপসারণের কাজ তদারক করছেন।
কিছু কিছু এলাকায় ডাস্টবিন ও রাস্তার পাশে বর্জ্য থেকে যাওয়ার ব্যাপারে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, অনেকেই সকালে কোরবানি দিয়েছেন। অনেকে সকালে কসাই না পেয়ে দুপুরে কোরবানি দিয়েছেন। দুপুরে কোরবানি দেওয়া পশুর বর্জ্য রয়ে গেছে। তবে এসব বর্জ্য পরিষ্কারের জন্য সিটি করপোরেশনের কর্মীরা নিয়োজিত আছেন। সন্ধ্যার মধ্যে তা পরিষ্কার করা হবে।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের তথ্য অনুযায়ী, নগরে প্রতিদিন গড়ে তিন হাজার টন বর্জ্য উৎপন্ন হয়।
আজ সকালে ঈদের জামাত শেষে গরু-ছাগল কোরবানি শুরু হয়। এরপর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ভ্যান, টমটম, ট্রাক, কনটেইনার ট্রাকে করে বর্জ্য সংগ্রহের কাজে নেমে পড়েন। সকালে নগরের কাজীর দেউড়ি, হালিশহর, নয়াবাজার, চৌমুহনী, লালখান বাজার, জামালখান এলাকা ঘুরে দেখা গেছে, কোরবানিদাতারা কোরবানি শেষে সৃষ্ট বর্জ্য নির্দিষ্ট স্থানে রেখে আসেন। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা তা এসে নিয়ে যান। দুপুরে নগরের মূল সড়কে কোরবানির বর্জ্য দেখা যায়নি।
সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনের সময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো. মোবারক আলী, কাউন্সিলর হাসান মুরাদ, পুলক খাস্তগীর, মো. আবদুস সালাম, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী প্রমুখ।