দুর্ঘটনা কমাতে চাই সমন্বিত উদ্যোগ

প্রথম আলো আয়োজিত ‘সড়ক দুর্ঘটনা ও মোটরসাইকেলশিল্প: নিরাপদ সড়কের জন্য করণীয়’ শীর্ষক গোলটেবিলে বৈঠকে উপস্থিত আলোচকেরা। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়েছবি: আশরাফুল আলম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা দেশের একটি বড় সমস্যা। শুধু মোটরসাইকেল নয়, সব ধরনের যানবাহন দুর্ঘটনায় পড়ছে। তাই দুর্ঘটনা কমাতে সবাই মিলে কাজ করতে হবে। উদ্যোগ নিতে হবে সমন্বিতভাবে।

‘সড়ক দুর্ঘটনা ও মোটরসাইকেলশিল্প: নিরাপদ সড়কের জন্য করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। প্রথম আলো ঢাকার কারওয়ান বাজারে নিজেদের কার্যালয়ে মঙ্গলবার এই বৈঠকের আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে গণপরিবহনের সংকট ও দুরবস্থার কারণে মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। তাই গণপরিবহনব্যবস্থা উন্নত করতে হবে, ফিটনেস ও রুট পারমিটবিহীন যানবাহন চলাচল বন্ধ করতে হবে, সড়কের ত্রুটি দূর করতে হবে এবং ব্যবস্থাপনা উন্নত করতে হবে। আবার রাইড শেয়ারিংয়ের নামে যাত্রী নিয়ে মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ করতে হবে, বেপরোয়াভাবে চালানো বন্ধ করতে হবে, মানসম্মত হেলমেটের ব্যবহার নিশ্চিত করতে হবে। মোটরসাইকেল খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কারখানা বন্ধের পদক্ষেপ না নেওয়ারও আহ্বান জানান কেউ কেউ।

বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মতিউর রহমান অনুষ্ঠানে বলেন, মোটরসাইকেলের প্রায় ৮০ শতাংশ বিক্রি হয় গ্রাম অঞ্চলে, সেখানে গণপরিবহন নেই। ঢাকার মতো বড় শহরে গণপরিবহনের দুরবস্থা। এ পরিস্থিতিতে মানুষ মোটরসাইকেলকে বেছে নিয়েছে। তিনি বলেন, ‘আমরা চাই মোটরসাইকেল থাকুক, দুর্ঘটনা কমানোর চেষ্টাও চলুক। দুর্ঘটনা কমাতে সচেতনতা তৈরি এবং প্রশিক্ষণে সহায়তা করার উদ্যোগে আমরা সহযোগিতা করব।’

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আগামী ১৫ সেপ্টেম্বর থেকে লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রি ও নিবন্ধনের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে মতিউর রহমান বলেন, এ ধরনের বিধিনিষেধ আরোপের আগে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া সহজ করা উচিত। নইলে এই বিধিনিষেধ বাস্তবায়ন করা কঠিন হবে।

বিআরটিএর পরিচালক (অপারেশন) লোকমান হোসেন মোল্লা বলেন, মোটরসাইকেলে দুর্ঘটনা বৃদ্ধি ও প্রাণহানির ঘটনা নিয়ে সরকার চিন্তিত। লাইসেন্স নিশ্চিত করে মোটরসাইকেল বিক্রি করার যে নির্দেশনা বিআরটিএ দিয়েছে, সেটির পরিকল্পনা তিন বছর আগেই নেওয়া হয়েছিল। শুরুতে মোটরসাইকেল বিক্রির সময় শিক্ষানবিশ লাইসেন্স (লার্নার) বাধ্যতামূলক করা হয়েছিল। তিনি বলেন, মোটরসাইকেল উৎপাদনকারীদের কোনো বক্তব্য থাকলে তা বিআরটিএ কর্তৃপক্ষের কাছে তুলে ধরলে বিবেচনা করা হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ দূরপাল্লার পথে মোটরসাইকেলে যাত্রী পরিবহনের বিরোধিতা করেন। তিনি বলেন, ভাড়ায় যাত্রী পরিবহনে নিয়োজিত মোটরসাইকেলের ভিন্ন নম্বরপ্লেট, চালকের নির্ধারিত পোশাক এবং এলাকা নির্ধারণ করে দেওয়া উচিত। তিন চাকার যানবাহন ও মোটরসাইকেল চলাচলে মহাসড়কের পাশে ‘সার্ভিস’ সড়ক করা দরকার বলেও উল্লেখ করেন তিনি।

খোন্দকার এনায়েত উল্যাহ আরও বলেন, পদ্মা সেতু চালুর পর দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ৮০০ বাস বেড়েছে। সেগুলোর অর্ধেকের রুট পারমিট ও ফিটনেস নেই। এ ধরনের বাস চলাচল বন্ধ করা দরকার। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের কাছে দেওয়া ১১১ দফা সুপারিশ বাস্তবায়নের তাগিদ দেন তিনি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) পরিচালক হাদীউজ্জামান মনে করেন, মোটরসাইকেল শিল্পে বিনিয়োগের শুরুতেই সরকারের গবেষণা থাকা উচিত ছিল। তাহলে বর্তমান সংকট হতো না। তিনি বলেন, দেশে ‘স্পোর্টি’ নাকি ‘স্কুটি’ মোটরসাইকেল চলতে দেওয়া উচিত, রাস্তা কতটুকু আছে আর মোটরসাইকেলের সংখ্যা কত নিবন্ধন দেওয়া যাবে—এসব বিষয়ে গবেষণা নেই বলেই সমস্যা হচ্ছে। মোটরসাইকেল গণপরিবহনের বিকল্প নয় বলে উল্লেখ করে তিনি বলেন, গণপরিবহনের উন্নয়ন করতে হবে। আইনের প্রয়োগ জোরদার করা জরুরি। বাড়তি সিসির (ইঞ্জিনক্ষমতা) মোটরসাইকেল নিয়ন্ত্রণ করাও দরকার।

টিবিএস অটো বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিপ্লব কুমার রায় বলেন, দুর্ঘটনা কমাতে চালকদের প্রশিক্ষণ ও সচেতনতার উদ্যোগ নিতে হবে। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলা যায়। পৃথিবীর কোথাও মোটরসাইকেল কেনার আগে লাইসেন্স বাধ্যতামূলক নয় বলেও উল্লেখ করেন তিনি।

এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস বলেন, মোটরসাইকেল সীমিত আয়ের মানুষের প্রয়োজনীয় বাহন। সরকারের অনুরোধে ১০ বছর আগে জাপানের ইয়ামাহা বাংলাদেশে মোটরসাইকেল খাতে বিনিয়োগ করে। বারবার নীতি পরিবর্তন হবে না, এমনটাও বলা হয়েছিল। এখন তা মানা হচ্ছে না।

রানার অটোমোবাইলসের কো-অর্ডিনেটর আমিনুর রহমান দুর্ঘটনার কারণ হিসেবে সড়কের ত্রুটিকেও দায়ী করেন।

এইচএমসিএস নিলয় বাংলাদেশ লিমিটেডের কোম্পানি সেক্রেটারি বিজয় কুমার মণ্ডল বলেন, বারবার নীতি পরিবর্তনে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়।
বাংলাদেশ উইমেন রাইডার্স ক্লাবের সভাপতি ইসরাত খান মজলিশ সড়কে মোটরসাইকেলের জন্য পৃথক লেন করার দাবি জানান।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সেফটি বিভাগের প্রধান মো. ইসমাইল ভূঁইয়া বলেন, দুর্ঘটনা কীভাবে কমানো যায়, সেই বিষয়ে সরকারের উদ্যোগ দরকার। কিন্তু মোটরসাইকেলে নিষেধাজ্ঞা মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো বিষয়।

দেশি বাইকার ডট কমের প্রতিষ্ঠাতা দেওয়ান সোহান বলেন, ১৮ থেকে ২৪ বছরের মোটরসাইকেল চালকদের মধ্যে দুর্ঘটনার ঝুঁকি বেশি। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বয়সের বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও সঞ্চালনা করেন সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী।

গোলটেবিল বৈঠকে একটি উপস্থাপনা তুলে ধরেন এসিআই মোটরসের উপমহাব্যবস্থাপক সাইফুল ইসলাম। তিনি বলেন, এখন চালকের চূড়ান্ত লাইসেন্স (স্মার্টকার্ড) পেতে গড়ে ২৮৫ দিন লাগছে। মোটরসাইকেল কিনতে লাইসেন্স বাধ্যতামূলক হলে এ খাতে দেশি-বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। তিনি মোটরসাইকেল দুর্ঘটনা কমাতে হেলমেট ব্যবহার নিশ্চিত করা, অতিরিক্ত গতিনিয়ন্ত্রণ, চালকের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে জোর দেওয়া দরকার বলে উল্লেখ করেন।

ক্রিয়েটিভ মাইন্ড বিডির অ্যাডমিন সাদিয়া ইয়াসমিন চৌধুরী বলেন, বাসে উঠতে গেলে নারীদের অনেক সময় হেনস্তার শিকার হতে হয়। অটোরিকশায় মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হয়। বিপরীতে মোটরসাইকেল সাশ্রয়ী একটি বাহন।