একটি গতিশীল পররাষ্ট্রনীতি পরিচালনার আশা পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানছবি: প্রথম আলো

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বহাল ও দেশের স্বার্থ সমুন্নত রেখে বিভিন্ন দেশের সঙ্গে সব সমস্যার সমাধান করার চেষ্টা করবে সরকার। ভবিষ্যতে সরকার একটি গতিশীল পররাষ্ট্রনীতি পরিচালিত করবে।

আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

গতকাল থেকে এখন পর্যন্ত বেশ কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হওয়ার কথা উল্লেখ করে খলিলুর রহমান বলেন, ‘তাঁদের কাছে আমাদের বৈদেশিক নীতির আউটলাইন (রূপরেখা) বলেছি। আমরা বলেছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। সবার ওপরে বাংলাদেশ। আমি এ পর্যন্ত যাঁদের সঙ্গে বৈঠক করেছি সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন রাষ্ট্রদূত, তাঁরা সকলেই আমাদের প্রতি গভীর আস্থা রেখেছেন। তাঁরা সকলেই আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী, সেটা আমরা দেখেছি। আমরাও বলেছি, তাঁদের সঙ্গে আমরা গভীর সম্পর্ক গড়তে আগ্রহী।’

আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে সব ইস্যু সম্মানজনকভাবে পারস্পরিক মর্যাদাবোধের ভিত্তিতে সমাধান করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, ‘আমাদের স্বার্থ যেন সুরক্ষিত হয়। আমি আশা করছি যে আগামীতে একটি অত্যন্ত গতিশীল পররাষ্ট্রনীতি পরিচালিত করতে পারব।’