চবির প্রশাসনপন্থী ও বিরোধী শিক্ষকদের পাল্টাপাল্টি মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সমিতির বিভক্তি প্রকাশ্যে এসেছে। আজ সোমবার বেলা ১১টায় চার দাবিতে ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হক মানববন্ধন করেছেন। এ মানববন্ধনকে ‘সরকার ও প্রশাসনবিরোধী’ উল্লেখ করে পাল্টা মানববন্ধন করেছেন সমিতির সাধারণ সম্পাদক সজীব কুমার ঘোষ।

পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ মানববন্ধন করেন ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হক। বেলা ১১টায় উপাচার্যের দপ্তরের সামনে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২২ ব্যানারে এ মানববন্ধন হয়। শিক্ষক সমিতির চারটি দাবি হলো জ্যেষ্ঠতা লঙ্ঘন করে শিক্ষকদের পদোন্নতি দেওয়া বন্ধ করা, সিন্ডিকেট নির্বাচন দেওয়া, শিক্ষক নিয়োগে অনিয়মের ব্যবস্থা ও চারুকলা ইনস্টিটিউটের চলমান সমস্যার সমাধান।

বেলা ১১টার আগে শিক্ষকদের একটি পক্ষ প্রশাসনিক ভবনের সামনে এসে জড়ো হয়। এরপর ১১টার দিকে ‘সুবিধা চাই না, অধিকার চাই; প্রশাসনের অপকর্মে শির উঁচিয়ে বাঁচা দায়, ভয় দেখিয়ে সত্যকে দাবিয়ে রাখা যাবে না; অবিলম্বে সিন্ডিকেট নির্বাচন দিতে হবে; বৈষম্য নিপাত যাক, ৭৩-এর অ্যাক্ট মুক্তি পাক; প্রশাসনের স্বজনপ্রীতি বন্ধ করতে হবে; পদোন্নতিতে বৈষম্য কেন জবাব চাই জবাব চাই’ ইত্যাদি স্লোগান–সংবলিত প্ল্যাকার্ড নিয়ে শিক্ষকেরা মানববন্ধনে অবস্থান নেন।

শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন সিরাজ উদ দৌল্লাহ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হেলাল উদ্দিন নিজামী, প্রকৌশল অনুষদের ডিন রাশেদ মোস্তফা, আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের রাজনৈতিক সংগঠন হলুদ দলের আহ্বায়ক মো. সেকান্দর চৌধুরী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আলী আজগর চৌধুরী, ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আইন বিভাগের অধ্যাপক এ বি এম আবু নোমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা সুকণ্যা বাশার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও ফিশারিজ বিভাগের অধ্যাপক রাশেদ উন নবী প্রমুখ।

সভাপতি আবদুল হক বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনায় কর্তৃপক্ষ চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছেন। এর প্রতিবাদে তাঁরা মানববন্ধন ডেকেছেন। আগামী সাত কর্মদিবসের মধ্যে দাবি না মানলে পুনরায় আন্দোলনে আসবেন তাঁরা।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হেলাল উদ্দিন নিজামী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাধিক মতামত ও প্ল্যাটফর্ম থাকবে এটাই স্বাভাবিক। তবে শিক্ষক সমাজের একটি অংশের মানববন্ধন চলাকালীন যদি শিক্ষক সমাজের আরেকটি অংশ যদি এভাবে পাল্টা মানববন্ধন করে, এটি শিষ্টাচারবিরোধী। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনের শাসন মানছে না, শিক্ষক-শিক্ষার্থীদের ন্যায্য অধিকার দেয় না। এই অনিয়ম আর চলতে পারে না।ʼ

আইন বিভাগের অধ্যাপক এ বি এম আবু নোমান বলেন, ১২ ডিসেম্বর সমিতির সাধারণ সভায় সাধারণ সম্পাদক সজীব কুমার ঘোষ জানিয়েছিলেন, উপাচার্য জানুয়ারির মধ্যে সিন্ডিকেট নির্বাচন দেবেন। কিন্তু এখনো তফসিল ঘোষণা করা হয়নি। দ্রুত সিন্ডিকেট নির্বাচন দিয়ে আইনের শাসন বাস্তবায়ন করতে হবে।

সাধারণ সম্পাদকের মানববন্ধন

শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের ব্যানারে পালিত হওয়া এ মানববন্ধনকে অবৈধ ও সরকারবিরোধী ঘোষণা করেন প্রশাসনপন্থী শিক্ষকেরা। বেলা সাড়ে ১১টায় এ মানববন্ধন চলার সময়ই প্রশাসনিক ভবন থেকে একটি নীরব মিছিল বের করেন সজীব কুমার ঘোষসহ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্বে থাকা শিক্ষকেরা। মিছিলটি শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। শিক্ষক সমিতির সাধারণ শিক্ষকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন হয়।

শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এস এ এম জিয়াউল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সজীব কুমার ঘোষ, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মোহাম্মদ মাহবুবুল হক, আইন অনুষদের ডিন আবদুল্লাহ আল ফারুক, আমানত হলের প্রাধ্যক্ষ নির্মল কুমার সাহা, দেশনেত্রী খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ সাইদুল ইসলাম, সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আবুল মনছুর, ছাত্র উপদেষ্টা ও আইকিউএসির পরিচালক আবদুল্লা মামুন, প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ, শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য নাজনীন নাহার ইসলাম।

সাধারণ সম্পাদক সজীব কুমার ঘোষ বলেন, আলোচনার মাধ্যমে দাবি আদায় না করে সভাপতি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য মানববন্ধনের ডাক দিয়েছেন। এ মানববন্ধন উদ্দেশ্যপ্রণোদিত।

সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য নাজনীন নাহার ইসলাম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ভাবমূর্তি, মানসম্মান ক্ষুণ্ন করার জন্য সভাপতি নিজের ইচ্ছাতে মানববন্ধন ডেকেছেন। একজন অযোগ্য সভাপতির জন্য তাঁদের আজ এ অবস্থায় মানববন্ধনে দাঁড়াতে হয়েছে।

সহকারী প্রক্টর হাছান মুহাম্মদ রোমান বলেন, ১২ ডিসেম্বর শিক্ষক সমিতির সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে জানুয়ারির মধ্যে তফসিল ঘোষণা করা হবে, কিন্তু জানুয়ারি শেষ না হওয়ার আগেই মানববন্ধন ডেকেছেন ভারপ্রাপ্ত সভাপতি। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে অস্থিতিশীল করার জন্য এমনটা করা হয়েছে। এটি খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।