নিখোঁজের পাঁচ দিন পর খালে মিলল প্রবাসীর অর্ধগলিত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত নূর মোহাম্মদ (৬০)

চট্টগ্রামের হাটহাজারীর দক্ষিণ মাদার্শার একটি খাল থেকে নূর মোহাম্মদ (৬০) নামের এক প্রবাসীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে কাপড় দিয়ে পা বাঁধা ও গলা প্যাঁচানো অবস্থায় ওই প্রবাসীর লাশ উদ্ধার করা হয়। তিনি পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন।

নিহত নূর মোহাম্মদের বাড়ি পার্শ্ববর্তী রাউজান উপজেলায়। তিনি রাউজান পৌরসভা এলাকার পশ্চিম গহিরার বাসিন্দা।

নিহতের পরিবারের সদস্য ও স্বজনেরা বলেন, প্রায় ৪০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে চাকরি করে আসছেন নূর মোহাম্মদ। গত ২ ফেব্রুয়ারি তিনি ছুটিতে দেশে আসেন। ২৬ মার্চ সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বাজার করতে বের হয়েছিলেন। এরপর তাঁর আর খোঁজ মেলেনি। তিনি নিখোঁজ থাকার বিষয়ে ২৮ মার্চ রাউজান থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। গতকাল বিকেলে বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের কাটাখালী খালে তাঁর লাশ ভেসে ওঠে।

পুলিশ সূত্র জানায়, নিহত ব্যক্তির পকেট থেকে একটি টুপি, একটি মানিব্যাগ ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাউজানে তাঁকে হত্যার পর লাশ হালদা নদীতে ফেলে দেওয়া হয়। হালদা নদী দিয়ে লাশটি কাটাখালী খালে ভেসে এসেছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত প্রবাসীর ছেলে মুহাম্মদ ইসমাম নুর প্রথম আলোকে বলেন, লাশ দাফনের পর পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করা হবে। তাঁর বাবাকে নির্মমভাবে খুনের বিচার চান তিনি।

হাটহাজারী থানার ওসি (তদন্ত) নুরুল আলম প্রথম আলোকে বলেন, একটি কাপড় দিয়ে পা বাঁধার পর একই কাপড়ে গলা প্যাঁচানো অবস্থায় লাশটি পাওয়া গেছে। তবে লাশটি অর্ধগলিত হওয়ায় শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা স্পষ্ট নয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।