তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের, বৈঠকে দুই নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ সোমবার সকালেছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পরে তাঁরা একান্ত বৈঠকে বসেন। এরপর শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক।

আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় কুয়ালালামপুরের শাংগ্রি লা হোটেল থেকে মোটর শোভাযাত্রাসহকারে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান রওনা দেন। তাঁরা সকাল ৯টায় পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে এসে পৌঁছান। তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।

পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান ও জুবাইদা রহমানকে সংবর্ধনা দেওয়া হয়
ছবি: পিএমও

এরপর লালগালিচায় তারেক রহমান ও জুবাইদা রহমানকে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানের পর সফরসঙ্গীদের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। একইভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন।

পরিচয় পর্বের আনুষ্ঠানিকতা শেষে ভবনের প্রবেশপথে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান।

পরে উভয় প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে মিলিত হন। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনের পঞ্চম তলায় এ বৈঠকে বসেন তাঁরা।

তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম
ছবি: পিএমও

একান্ত বৈঠকের পর দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন, পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়াম প্রমুখ উপস্থিত।

বৈঠকে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী পাঠানো, সেমিকন্ডাক্টরশিল্প, কৃষি, শিক্ষা, জনযোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে বলে আগেই জানান পররাষ্ট্রসচিব।

দুই দেশের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক
ছবি: পিএমও

দ্বিপক্ষীয় বৈঠকের পরে উভয়ে আনুষ্ঠানিক যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেবেন। সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান ও জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। এ সময়ে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রীর ভবন অভিমুখের লম্বা সড়কের দুই পাশে টাঙানো হয় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা।

একান্ত বৈঠকে বসার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন
ছবি: পিএমও
আরও পড়ুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গতকাল রোববার স্থানীয় সময় রাত পৌনে নয়টায় কুয়ালালামপুরে পৌঁছান তারেক রহমান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। লালগালিচা সংবর্ধনার পাশাপাশি তাঁকে দেওয়া হয় গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর এটা তাঁর প্রথম প্রথম রাষ্ট্রীয় সফর।

আরও পড়ুন