গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি করতে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গঙ্গা নদীর পানিবণ্টনে নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে ভারতের সঙ্গে আলোচনা শুরু করার জন্য কূটনৈতিক উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতিমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ করছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সরকারি দলের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নতুন চুক্তি স্বাক্ষরের জন্য ভারতকে কূটনৈতিক মাধ্যমে আলোচনার আহ্বান জানানো হয়েছে।

প্রশ্নে মো. মোস্তাফিজুর রহমান জানতে চান, চলতি বছরের ডিসেম্বরে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। চুক্তির নবায়ন অথবা নতুন চুক্তি সম্পাদনের বিষয়ে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের আলোচনা কোন পর্যায়ে রয়েছে? নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি নবায়ন না হলে আগামী ১ জানুয়ারি থেকে শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রাপ্য পানি কীভাবে নিশ্চিত করা হবে?

জবাবে পানিসম্পদমন্ত্রী জানান, নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সরকার ইতিমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করেছে। কমিটি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট যাবতীয় বিষয় বিবেচনায় নিয়ে কাজ করছে। এ ছাড়া ভারতের সঙ্গে আলোচনার জন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ফারাক্কায় গঙ্গা নদীর পানিবণ্টন বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়। চলতি বছরের ডিসেম্বর মাসে ওই চুক্তির মেয়াদ শেষ হবে। ১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কায় গঙ্গার প্রবাহ দুই দেশের মধ্যে বণ্টন করা হয়। চুক্তির নির্ধারিত ফর্মুলা অনুযায়ী ১৯৯৭ সাল থেকে এই পানি বণ্টন কার্যকর রয়েছে।

তিস্তা নিয়ে সমীক্ষা প্রকল্প

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলামের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, তিস্তা নদী অববাহিকার বন্যা ব্যবস্থাপনা, নদীভাঙন রোধ, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ, সেচসুবিধা সম্প্রসারণ, পরিবেশ পুনরুদ্ধার ও জলবায়ু–সহনশীলতা নিশ্চিত করতে সমন্বিত ও টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে একটি সমীক্ষা প্রকল্প নেওয়া হয়েছে।

তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে একটি টেকসই চুক্তি স্বাক্ষরে বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা আশা করব, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত নদীর ইকোসিস্টেম এবং তিস্তানির্ভরশীল এলাকার মানুষের দুঃখ-দুর্দশা নিরসনে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। পানিসম্পদমন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।