পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি

পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের আলতাব আলী পার্কে কিছু তরুণ কালো মুখোশ পরে যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবিতে অবস্থান নেনছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবিতে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় মহড়া দিয়েছেন একদল মুখোশধারী তরুণ। স্থানীয় সময় বুধবার (২৫ নভেম্বর) রাতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হোয়াইটচ্যাপেল এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে কালো মুখোশ পরে অবস্থান নেন তাঁরা। এ সময় বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে বিভাজন, সংঘাত ও সহিংসতা বন্ধের দাবি জানান তাঁরা।

মুখোশধারী তরুণেরা হোয়াইটচ্যাপেল স্টেশনের পাশের স্থানীয়ভাবে ‘নেতা গলি’ নামে পরিচিত একটি গলি ও পূর্ব লন্ডন মসজিদসংলগ্ন আরেকটি গলিতে গিয়ে বক্তব্য দেন। এসব এলাকায় সন্ধ্যার পর প্রবাসী বাংলাদেশিদের আড্ডা বসে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীদেরও নিয়মিত যাতায়াত রয়েছে এসব এলাকায়। এ ছাড়া তরুণেরা পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে জড়ো হন। দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি পালনের অন্যতম স্থান হিসেবে পরিচিত এই পার্ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে মুখোশধারীদের ইংরেজি ও বাংলায় (সিলেটি উচ্চারণে) বক্তব্য দিতে দেখা গেছে। ভিডিওতে তরুণদের বক্তব্যে উঠে আসে, যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটিকে বর্তমান অবস্থানে নিয়ে আসতে প্রবাসীদের কয়েক প্রজন্মকে কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করতে হয়েছে।

বাংলাদেশের রাজনীতির নামে বিভাজন, সংঘাত ও সহিংসতার মাধ্যমে কমিউনিটির এই অর্জনকে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানান তাঁরা।

তাঁদের অভিযোগ, গুটিকয় রাজনৈতিক কর্মীর সংঘাত ও সহিংস কর্মকাণ্ডের কারণে পুরো বাংলাদেশি কমিউনিটিকে ভুগতে হচ্ছে। এসব ঘটনার জেরে যুক্তরাজ্যের ডানপন্থী রাজনীতিকদের তীব্র সমালোচনার মুখে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা।

তবে মুখোশ পরে দলবদ্ধভাবে তরুণদের এমন উপস্থিতি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী সমাজকর্মী ও ব্যবসায়ী আমিনুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, বুধবার রাত আটটায় হঠাৎ করে একদল তরুণ কালো মুখোশ পরে হোয়াইটচ্যাপেলের বিভিন্ন গলিতে মহড়া দেয়। তাঁদের এমন সাজসজ্জায় সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়। নারীরা ভয় পেয়েছেন বলে জানান তিনি।

আমিনুল ইসলাম অভিযোগ করেন, সোমবার স্থানীয় কমিউনিটি নেতাদের বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবিসংক্রান্ত একটি সভার পর এ ঘটনা ঘটেছে। সমস্যা সমাধানের পরিবর্তে কমিউনিটি আরও বিভাজিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিক্রিয়ায় অনেকে জানিয়েছেন, এ ধরনের কর্মকাণ্ড জনমনে ভীতি ছড়াচ্ছে।

রাজনৈতিক সংঘাতের জেরে বাড়ছে উদ্বেগ

এর আগে গত সোমবার (২৩ নভেম্বর) পূর্ব লন্ডনের একটি হলে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এক সভায়ও যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়। সেখানে কমিউনিটি নেতা সিরাজুল হক ও ব্যারিস্টার আতাউর রহমানসহ কমিউনিটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মূলত গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথের মেফেয়ার ভেন্যু এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনার পর এ দাবি আরও জোরালো হয়েছে।

ওই ঘটনার পর যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অভিবাসনবিরোধী ও ডানপন্থী রাজনীতিকদের বক্তব্যে উঠে আসে বাংলাদেশি অভিবাসীদের প্রসঙ্গ। বাংলাদেশি অভিবাসীদের যুক্তরাজ্য থেকে বের করে দেওয়ার দাবিও ওঠে। অন্যদিকে লেবার পার্টির স্থানীয় সংসদ সদস্য জস আথওয়াল একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনীতি যুক্তরাজ্যে নিয়ে না আসার আহ্বান জানান।

বাংলাদেশের রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে যুক্তরাজ্যে সংঘাতের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তি ও নিরাপত্তা নিয়ে কমিউনিটির বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই বুধবার রাতে হোয়াইটচ্যাপেলের বিভিন্ন এলাকায় মুখোশধারী তরুণদের এই কর্মসূচি দেখা গেল।

তবে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবি জানাতে গিয়ে মুখোশ পরে প্রকাশ্যে দলবদ্ধ মহড়া দেওয়ার বিষয়টিও নতুন করে জননিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

মুখোশধারী তরুণদের পরিচয় কিংবা তাঁরা কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মেট্রোপলিটন পুলিশ কিংবা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। মুখোশধারীদের এ ধরনের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কি না, তা-ও জানা যায়নি।