শিশুর শারীরিক শাস্তি বিলোপ
শিশুদের প্রতি সব নিষ্ঠুরতা বন্ধ হোক
প্রতিবছর ৩০ এপ্রিল পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে টু এন্ড করপোরাল পানিশমেন্ট বা শারীরিক শাস্তি বিলোপে আন্তর্জাতিক দিবস। শাস্তির অবসান হলে তা শিশুদের বিকাশ, শিক্ষা ও কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রতিবছর ৩০ এপ্রিল শিশুদের মারধর বন্ধের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়। পালন করা হয় আন্তর্জাতিক ‘মারপিট’ বন্ধ দিবস। বড়দের খেয়ালখুশিমতো শিশুরা চলবে—সেটাই যেন শৃঙ্খলার সংজ্ঞা। সেই সুযোগে বড়রা তাঁদের ইচ্ছেমতো শৃঙ্খলার একটা মান তৈরি করেন। আর সেটা মানতে বাধ্য করার জন্য নানা শাস্তিমূলক বিধিবিধান বানিয়ে তা প্রয়োগ করে ‘শান্তি রক্ষা’ করেন। ‘মানুষ’ করেন ‘অশান্ত’ শিশুদের। চারদিকে শিশু-বৈরী নানা বাগধারা ছড়িয়ে দেন। বলে বেড়ান ‘মারের ওপর ওষুধ নাই, ‘পিটিয়ে মানুষ করতে হয়’, ‘যে সোহাগ করে, সে-ই শাসন (মারপিট) করতে পারে’, ‘শাসন করা তারি সাজে, সোহাগ করে যে’ ইত্যাদি আরও কত কি!
পড়া শেখানোর ছলে, খেলাধুলার তালিম দেওয়ার সময় শিশুর গায়ে হাত তোলা এতই স্বাভাবিক যে শিশুর জানটা থাকলেই মা-বাবা খুশি। ‘আগে শিশুতো মানুষ হোক’, ‘শিশুর ভালোর জন্যই তাকে শাস্তির মধ্যে রাখতে হয়’ না হলে সে ‘অবাধ্য’ হয়ে যাবে—এসব কথা শিশুদের প্রিয় মা-বাবারাই বলে বেড়ান, বিশ্বাস করেন। অনেক মা-বাবা মনেপ্রাণে বিশ্বাস করেন, শৈশবে তাঁরা যথেষ্ট শাসনের (মারপিট) মধ্যে ছিলেন বলেই আজকে ‘এই পর্যন্ত’ আসতে পেরেছেন। শিশুর গায়ে হাত তোলা, তাকে নির্মমভাবে প্রহার করা তাঁদের কাছে সোহাগেরই নামান্তর মাত্র। এসব ধারণার যে কোনো যুক্তিসংগত ভিত্তি নেই, তা বলাই বাহুল্য।
জাতিসংঘের তৎকালীন মহাসচিব বান কি মুনের উদ্যোগে ২০১৬ সালে শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্য একটি আন্তর্জাতিক জোট গড়ে তোলা হয়। দ্য এন্ড ভায়োলেন্স পার্টনারশিপ নামের এই জোটে যোগ দেয় ৭৫০টিরও বেশি সংস্থা। সেগুলোর মধ্যে আছে বিভিন্ন দেশের সরকার, জাতিসংঘ সংস্থা, গবেষণাপ্রতিষ্ঠান, আন্তর্জাতিক এনজিও, ফাউন্ডেশন, বেসরকারি খাতের গোষ্ঠী এবং নেটওয়ার্ক। এই জোটের লক্ষ্য হচ্ছে জাতিসংঘের টেকসই উন্নয়নের ১৬.২ নম্বর লক্ষ্যের প্রতি দৃষ্টি রেখে ২০৩০ সালের মধ্যে শিশুদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতার অবসান ঘটানো।
টেকসই উন্নয়নের ১৬.২ নম্বর লক্ষ্য হচ্ছে শিশুদের অবমাননা, শোষণ, পাচারসহ সব ধরনের সহিংসতা ও নির্যাতন বন্ধ করা। এই জোট প্রতিবছর একটা দিন (৩০ এপ্রিল) শিশুদের প্রতি সহিংসতা বন্ধের জন্য একটি দিবস উদ্যাপনের সিদ্ধান্ত নেয়। সারা পৃথিবীর মানুষকে আরও শিশুমনস্ক বিশেষ করে শিশুদের প্রতি সব ধরনের নিষ্ঠুরতার বিরুদ্ধে জনমত গড়ে তোলাই হচ্ছে এই দিবসের লক্ষ্য।
গ্লোবাল পার্টনারশিপ টু এন্ড ভায়োলেন্স অ্যাগেইনস্ট চিলড্রেন প্রকাশিত ‘করপোরাল পানিশমেন্ট অব চিলড্রেন: সামারি অব রিসার্চ অন ইটস ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাসোসিয়েশনস’ (অক্টোবর, ২০২১) অনুযায়ী, ৩০০টির বেশি গবেষণা শাস্তির সঙ্গে অসংখ্য নেতিবাচক ফলাফলের সম্পৃক্ততা প্রমাণ করেছে। কোনো গবেষণায় শাস্তির কোনো সুফল পাওয়া যায়নি।
আসলে আজকের মা-বাবা বা শিক্ষক যখন শিশু ছিলেন, তখন তাঁরাও তাঁদের প্রিয় মানুষদের কাছ থেকে নানা শাস্তির মধ্য দিয়েই বেড়ে উঠেছেন। মা-বাবা এবং শিক্ষকদের শিশুরা সবচেয়ে বেশি বিশ্বাস করে। তাঁরা যখন শাস্তি দেন, তখন শিশুরা ঘনিষ্ঠ সম্পর্কে নির্যাতনকে স্বাভাবিক মনে করে, মেনে নিতে শেখে। সপ্তাহের যেকোনো দিন যেকোনো মানের একটা খবরের কাগজ হাতে নিলেই এসব সহিংসতার সংক্রমণের খবর পাওয়া যাবে।
শিশুরা শাসনের নামে সারা দুনিয়াতেই নানা সহিংসতার শিকার হচ্ছে অনবরত। গবেষণা বলছে, ২ থেকে ১৪ বছরের প্রতি ৫ শিশুর মধ্যে ৪ জনই কোনো না কোনোভাবে মারধরের শিকার হচ্ছে। এসব ঘটছে পরিবারে, শিক্ষাপ্রতিষ্ঠানে, ছাত্রাবাসে, এতিমখানায়, তত্ত্বাবধায়কের নজরের মধ্যে তাঁর জ্ঞাতসারেই।
শাস্তি পাওয়া শিশুরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর নিজেরাও এক একজন নির্যাতকে পরিণত হওয়ার ঝুঁকির মধ্যে থাকেন, কেউ কেউ হয়ে যান কট্টর নির্যাতক। মনে করেন, এটাই স্বাভাবিক। এটাই জীবনধর্ম। এভাবেই গড়ে ওঠে পরিবারে, সমাজে সহিংসতার চক্র।
শিশুর প্রতি নিষ্ঠুরতা যে কী পর্যায়ে পৌঁছেছে, তার একটা গা-শিউরানো নজির পাওয়া যায় গত ২৫ ফেব্রুয়ারি। সেই দিন চট্টগ্রামের এক শিক্ষক তাঁর এক ছাত্রকে প্রথমে বেত দিয়ে পেটান।
এতে শিক্ষকের জিঘাংসা না মিটলে পরে ছাত্রের শরীরের অংশবিশেষ ব্লেড দিয়ে কেটে ক্ষতস্থানে মরিচের গুঁড়া লাগিয়ে দেন! এ সময় শিশুটি ব্যথায় চিৎকার করলে তার মুখ কাপড় দিয়ে চেপে ধরেন ওই শিক্ষক। এরপর শিক্ষক তাঁর পৈশাচিকতাকে গোপন রাখার জন্য শিশুটিকে ১৮ দিন আটকে রাখেন মাদ্রাসার একটি ঘরে। শিশুটির ‘অপরাধ’, সে যথাসময়ে পড়া মুখস্থ করতে পারেনি। এই শিক্ষার্থী জানে বেঁচে গেলেও ঢাকার ১৩ বছরের আরেক শিক্ষার্থী শিক্ষকের মারে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুদের প্রতি নিষ্ঠুরতা যে শুধু মাদ্রাসাতেই হচ্ছে, তা নয়।
দিনাজপুরের এক স্কুলশিক্ষক স্কুল ড্রেস না থাকায় শিক্ষার্থীদের বেদম মারধর করেন গত ফেব্রুয়ারিতে। এ ঘটনা নিয়ে প্রচুর লেখালেখি হলেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কি কেউ কোনো পদক্ষেপ নিয়েছিলেন? মনে পড়ে না।
গত বছরের মার্চ মাসে গাজীপুরের কালিয়াকৈরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক দশম শ্রেণির এক শিক্ষার্থীর দুই হাত পেছনে বেঁধে পিটিয়ে আহত করেন। একই ধরনের ঘটনার অভিযোগ আসে যশোর জেলার শার্শা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়, ফরিদপুরের আলফাডাঙ্গায় এতিমখানা, মাদ্রাসাসহ আর অনেক প্রতিষ্ঠান থেকে। কোথাও মামলা হয়, সালিস বসে, অভিযুক্ত শিক্ষক বদলি হন; ‘ভুল-বোঝাবুঝির’ অবসান হয়। কিন্তু নিষ্ঠুরতা, মারপিট বন্ধ হয় না।
শুধু শারীরিক নয়, মানসিক শাস্তিও চলছে
কোনো কোনো শিক্ষক শিক্ষার্থীকে শাসন করার প্রচেষ্টা হিসেবে শিক্ষার্থীর মা-বাবা/বংশ পরিচয়/গোত্র/বর্ণ/ধর্ম ইত্যাদি সম্পর্কে অশালীন মন্তব্য করে থাকেন, কখনো কখনো অশোভন অঙ্গভঙ্গি করে শিক্ষার্থীকে হেয় করেন। শিক্ষার্থীকে তার অপছন্দের নামে ডাকেন, অন্যদেরও সেই নামে ডাকতে উৎসাহিত করেন।
বছর কয়েক আগে গ্রামের হাটে বাড়ির একটা মুরগি বিক্রি করতে গিয়েছিল চতুর্থ শ্রেণির এক ছাত্র। তাকে পরদিন স্কুলে এসে মুরগিওয়ালা বলে ডাকেন আগের দিন হাটে দেখা হওয়া এক শিক্ষক। এতে শিশুটি মনে খুব কষ্ট পায়। বাড়ি ফিরে সে আত্মহত্যা করে। কুড়িগ্রাম অঞ্চলের এই ঘটনা অনেককে কাঁদালেও ওই শিক্ষককে আইনের আওতায় আনার কেউ চেষ্টা করেনি।
নীতিমালা/আইন কি পরিবর্তন আনতে পারবে?
আমরা জানি, ২০১১ সালে শিক্ষা মন্ত্রণালয় দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে একটি পরিপত্র জারি করেছে। তারপরও এসব বন্ধ হয়নি।
পৃথিবীর ৬৫টি দেশ সব জায়গায় (বাড়ি, বিদ্যালয়, কর্মক্ষেত্র, বিকল্প শিশু পরিচর্যা কেন্দ্রসহ সব ধরনের প্রতিষ্ঠান) শিশুদের শারীরিক শাস্তি নিষিদ্ধ করে আইন করেছে।
বাংলাদেশে সবক্ষেত্রে শিশুদের শাস্তি নিষিদ্ধ করে একটি আইন প্রণয়ন হোক। পাশাপাশি শাস্তির গ্রহণযোগ্যতা নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে।
বিশ্বাসে সমস্যা
ভাবতে কষ্ট হলেও বাস্তবতা হচ্ছে, বেশির ভাগ অভিভাবক/শিক্ষক মনেপ্রাণে বিশ্বাস করেন, ‘মারের ওপর ওষুধ নাই’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শাহিদা তাহের তাঁর ‘শিশুশিক্ষায় গৃহ ও বিদ্যালয়ে দেওয়া শাস্তির পর্যালোচনা’ শীর্ষক গবেষণা নিবন্ধে দেখেছেন, অভিভাবকদের ৭০ শতাংশ শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার পক্ষপাতী। সবাই উত্তর না দিলেও ৩৯ দশমিক ৩৯ শতাংশ শিক্ষক বুক ফুলিয়ে বলেছেন, তাঁরা শাস্তি দেন আর ৬৬ দশমিক ৬৭ শতাংশ শিক্ষক শাস্তি দেওয়ার পক্ষে।
আমরা মনে করি, এসব গুরুতর অপরাধের সঙ্গে জড়িতদের দেশের প্রচলিত আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। তাহলে এ ধরনের অমানবিক প্রবণতা অনেকাংশে কমবে। তবে এ নিয়ে অনেক শিক্ষকের মধ্যে একধরনের দ্বিধাদ্বন্দ্ব দেখা যায়।
আসলে শারীরিক শাস্তিতে বড়রা যতই স্বস্তি পান না কেন, আমাদের ভুলে গেলে চলবে না শাস্তি স্বল্প ও দীর্ঘ মেয়াদে শিশুর মানসিক ও শারীরিক স্বাস্থ্য, শিক্ষা ও সামগ্রিক বিকাশের ওপর প্রচণ্ড নেতিবাচক প্রভাব ফেলে। সমাজে সহিংসতার চক্রকে বিকশিত করে শক্তি জোগায়। সমাজে সহিংসতার চক্র ভাঙতে হলে শিশুদের শাস্তি দেওয়া বন্ধ করতে হবে।
বাংলাদেশে সবক্ষেত্রে শিশুদের শাস্তি নিষিদ্ধ করে একটি শক্তপোক্ত আইনের পক্ষে জোর আওয়াজ উঠেছে। তবে তার সঙ্গে জরুরি হচ্ছে শাস্তির গ্রহণযোগ্যতা নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা। এটা করতে না পারলে অনেক আইনের ভিড়ে নতুন আইনটাও হারিয়ে যাবে আর শিশুরা মার খেতে খেতে ক্ষত নিয়ে বেড়ে উঠবে, বিকশিত হবে না।
গওহার নঈম ওয়ারা গবেষক
nayeem5508 @gmail.com