১০ বছর পর এআই নিয়ে যে পরীক্ষার মুখে পড়বে বাংলাদেশ

এম নিয়াজ আসাদুল্লাহ, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০৩৬ সাল নাগাদ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অর্থনীতির দৈনন্দিন কর্মকাণ্ডে এমনভাবে মিশে যেতে পারে যে আমরা আলাদা করে তার উপস্থিতি খেয়ালই করব না। ব্যবসার সফটওয়্যার, কারখানার যন্ত্রপাতি কিংবা সরকারি সেবা—সর্বত্র থাকবে এর ব্যবহার। বাংলাদেশেও হয়তো কোটি তরুণ এআই ব্যবহার করবেন। কিন্তু তা সত্ত্বেও আমাদের আগামী দিনের অর্থনীতির প্রযুক্তিগত সক্ষমতা হতে পারে সীমিত, উৎপাদনশীল কাজের সুযোগ অপ্রতুল এবং বাড়তে পারে শিক্ষিত বেকার তরুণ জনগোষ্ঠী।

যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন দেখে, তার জন্য এই পার্থক্য গুরুত্বপূর্ণ। প্রযুক্তির প্রসারকে রপ্তানি সক্ষমতা, প্রাসঙ্গিক ও মানসম্মত শিক্ষা, ভালো কর্মসংস্থান ও উন্নত জীবনমানের সঙ্গে যুক্ত করতে হবে। ২০৩১ সালের মধ্যে এক কোটি কর্মসংস্থানের সরকারি অঙ্গীকার এবং খসড়া জাতীয় এআই নীতি সেই প্রস্তুতি যাচাইয়ের সুযোগ দেয়।

এক কোটি কাজের হিসাবে এআই কোথায়

সরকারের পরিকল্পনা কমিশনের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৫-২৬ থেকে ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে দেশে ৯৭ লাখ ৮০ হাজার অতিরিক্ত কর্মসংস্থান হবে। প্রায় ৬০ শতাংশ আসবে সেবা খাতে।

আধুনিক সেবা খাত উৎপাদনশীল কাজ সৃষ্টি করতে এবং শিল্পের বিকাশে সহায়তা দিতে পারে। কিন্তু একই খাতে স্বল্প আয় ও অনিশ্চিত জীবিকাও রয়েছে। প্রকৌশল, লজিস্টিকস ও পেশাগত সেবা বাড়বে, নাকি মানুষ আরও বেশি প্রান্তিক কাজে আশ্রয় নেবে—তার ওপরও নির্ভর করবে ২০৩৬ সালের অর্থনীতির চেহারা।

এআই এখানে নতুন অনিশ্চয়তা আনে। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কম লোক নিয়োগ করেও বেশি উৎপাদন করতে পারলে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের পুরোনো সম্পর্ক বদলাবে। অথচ সরকারি প্রক্ষেপণে এআইয়ের কারণে উৎপাদনশীলতা, কাজ হারানো ও নতুন কাজ সৃষ্টির সম্মিলিত প্রভাবের স্পষ্ট দৃশ্যপট নেই।

এআই খরচ কমিয়ে, ক্রেতা বাড়িয়ে ব্যবসা সম্প্রসারণ ও নিয়োগে সাহায্য করতে পারে। আবার নতুন সুযোগ তৈরির আগেই নিয়মমাফিক কর্মসংস্থানের চাহিদা কমাতে পারে। 

আগামীর বাংলাদেশে এআই–সংক্রান্ত অর্থনৈতিক রূপান্তরের সুবাদে যত কাজ সৃষ্টি হবে, তার চেয়ে বেশি ধ্বংস হবে—এমন সিদ্ধান্তের প্রমাণ এখনো নেই। তবে কর্মসংস্থান কৌশলে দুটো সম্ভাবনাই বিবেচনা করতে হবে। দ্বিতীয় ঝুঁকি দক্ষতার অমিল বা ‘স্কিলস মিসম্যাচ’। কর্মক্ষেত্রে পদ খালি, কিন্তু উপযুক্ত কর্মী নেই। আরও গুরুতর পরিস্থিতিতে দক্ষতার অভাবে ব্যক্তি খাতের বিনিয়োগই পিছিয়ে যেতে পারে বা কাজ বিদেশে স্থানান্তরিত হতে পারে।

এআই খরচ কমিয়ে, ক্রেতা বাড়িয়ে ব্যবসা সম্প্রসারণ ও নিয়োগে সাহায্য করতে পারে। আবার নতুন সুযোগ তৈরির আগেই নিয়মমাফিক কর্মসংস্থানের চাহিদা কমাতে পারে। 

প্রথম ক্ষেত্রের ঝুঁকির পরিণাম পদ পূরণ না হওয়া; দ্বিতীয় ক্ষেত্রের ঝুঁকির পরিণাম নতুন পদ সৃষ্টি না হওয়া। ভবিষ্যৎ শ্রমবাজারের এ রকম ঝুঁকি তাই শুধু প্রশিক্ষণ সনদ বাড়িয়ে দূর হবে না। আবার সব দায় কর্মীরও নয়: কম বেতন, অনুপযুক্ত পরিবেশ ও অবাস্তব অভিজ্ঞতার শর্ত নিয়োগে বাধা হতে পারে।

লক্ষ্যমাত্রা থেকে সক্ষমতা

সরকারের পরিকল্পনা কমিশনের কাঠামোর শিক্ষা অধ্যায়ে ২০৩১ সালের জন্য সাক্ষরতা ৮৮ শতাংশ, প্রাথমিক শিক্ষা সমাপ্তি ৯৪ শতাংশ এবং মাধ্যমিক শিক্ষা সমাপ্তি ৮৭ শতাংশের লক্ষ্যমাত্রা রয়েছে। শেখার দারিদ্র্য উল্লিখিত ভিত্তিমান ৫০ থেকে ২২ শতাংশে নামানোর এবং ডিজিটাল সুবিধাপ্রাপ্তি শতভাগ নিশ্চিত করার কথা বলা হয়েছে। কিন্তু সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করা দক্ষতার সমার্থক নয়।

দক্ষতা উন্নয়নের সুনির্দিষ্ট লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ৫০ লাখ ডিজিটাল সনদধারী কর্মী এবং ছয় মাসের মধ্যে ৮৫ শতাংশ স্নাতকের কর্মসংস্থান। যুব উন্নয়ন–সংক্রান্ত প্রস্তাবে এআই কোর্স, শিক্ষানবিশি ও চাকরিতে সংযোগসেবা অন্তর্ভুক্ত রয়েছে। অথচ মৌলিক শেখা, পেশাগত দক্ষতা এবং এআইনির্ভর উৎপাদনশীলতাকে যুক্ত করার পরিমাপযোগ্য পথ স্পষ্ট করা হয়নি।

এগিয়েও পিছিয়ে পড়ার ঝুঁকি

২০৩০ সাল নাগাদ শেখার দারিদ্র্যের উচ্চাভিলাষী লক্ষ্য অর্জিত হলেও প্রায় প্রতি পাঁচ শিশুর একজন ন্যূনতম পাঠদক্ষতার বাইরে থাকবে। এআইয়ের জন্য প্রস্তুত হতে বাংলাদেশকে আগে শেখার জন্য প্রস্তুত হতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও যন্ত্রের উত্তর বুঝতে, প্রশ্ন করতে ও প্রয়োগ করতে না পারলে হাতে যন্ত্র থাকাই যথেষ্ট নয়; বরং অপরিকল্পিত এই নির্ভরতার প্রসার নতুন সামাজিক ও অর্থনৈতিক সংকটের সূত্রপাত করতে পারে।

ঢাকায় এআইয়ের মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু হয়েছে
ছবি: প্রথম আলো

ইউএনডিপির ‘দ্য নেক্সট গ্রেট ডাইভারজেন্স’ শীর্ষক প্রতিবেদন সতর্ক করছে, অসম এআই প্রস্তুতি দেশগুলোর মধ্যে বৈষম্য বাড়াতে পারে। বাংলাদেশ লাভবান হয়েও দ্রুততর অগ্রসর অর্থনীতিগুলোর তুলনায় পিছিয়ে পড়তে পারে। তাই নিজেদের উন্নতির পাশাপাশি প্রতিযোগীদের সক্ষমতার পরিবর্তনও দেখতে হবে।

অন্য দিকে এআই অবকাঠামোয় বিপুল বিনিয়োগের প্রত্যাশিত আয় ও উৎপাদনশীলতা এখনো অনিশ্চিত। বিনিয়োগকারীর স্বল্পমেয়াদি হিসাব ভুল হলেও প্রযুক্তির দীর্ঘমেয়াদি মূল্য থাকতে পারে। বাংলাদেশকে তাই পরিবর্তনের প্রস্তুতি নিতে হবে, রূপান্তর মসৃণ হবে ধরে নিয়ে নয়।

বদলে যাওয়া কাজের প্রস্তুতি

আন্তর্জাতিক শ্রম সংস্থার মূল্যায়ন অনুযায়ী, জেনারেটিভ এআইয়ের প্রভাবে পুরো পেশা বিলুপ্তির চেয়ে কাজের ধরন বদলানোর সম্ভাবনা বেশি। প্রযুক্তির প্রভাবের আওতায় থাকা মানেই চাকরি হারানো নয়। আবার জেনারেটিভ এআই ও শিল্পের সব ধরনের অটোমেশন এক বিষয় নয়।

সরাসরি প্রভাব কম হলেও প্রতিযোগিতার চাপ থাকবে। এখানে হাতে করা কাজ টিকে থাকতে পারে, অথচ বিদেশি প্রতিযোগী প্রযুক্তি দিয়ে দ্রুত ও নির্ভুল হয়ে উঠতে পারে। শ্রমের চাহিদা কমানো প্রযুক্তি গ্রহণ এবং প্রতিযোগিতা দুর্বল করা ধীর প্রযুক্তি গ্রহণ—দুই পথেই কর্মসংস্থান ঝুঁকিতে পড়তে পারে।

২০৩১ সালে কর্ম নিয়োগদাতারা ঠিক কোন এআই ব্যবহার করবেন, তা আজ নিশ্চিত জানা সম্ভব নয়। তাই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারে এমন প্রশিক্ষণ চাই। সাক্ষরতা, গণিত, যুক্তি ও যোগাযোগদক্ষতার ভিত্তির ওপর তত্ত্বাবধানে বাস্তব পেশাগত অনুশীলন গড়তে হবে। উন্নত প্রশিক্ষণ তৈরি করবে প্রযুক্তি নির্মাণ, মূল্যায়ন ও সংযোজনের বিশেষজ্ঞ।

শ্রমবাজারের তথ্যব্যবস্থা, শিল্প উপদেষ্টা পরিষদ, কর্মসংস্থান বিনিময়কেন্দ্র (এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার), শিক্ষানবিশি ও স্নাতকদের কর্মজীবন অনুসরণ এ কাজে সহায়ক হতে পারে। প্রয়োজন নিয়মিত নিয়োগদাতার মতামত ও প্রশিক্ষণ সংশোধনের ক্ষমতা। সাফল্য মাপতে হবে দক্ষতা, কাজে টিকে থাকা ও প্রকৃত আয় দিয়ে; বদলে যাওয়া কাজের কর্মীদের সহায়তাও দিতে হবে।

আগামীর বাংলাদেশে এআই–সংক্রান্ত অর্থনৈতিক রূপান্তরের সুবাদে যত কাজ সৃষ্টি হবে, তার চেয়ে বেশি ধ্বংস হবে—এমন সিদ্ধান্তের প্রমাণ এখনো নেই। তবে কর্মসংস্থান কৌশলে দুটো সম্ভাবনাই বিবেচনা করতে হবে

দক্ষতা উন্নয়নের বিনিয়োগকে শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যের সঙ্গে যুক্ত করতে হবে। শিল্পের অংশীদারত্ব বদলে যাওয়া কাজ অনুযায়ী প্রশিক্ষণ হালনাগাদ করবে। উন্নয়ন সহযোগীরা মূল্যায়ন ও বিশেষজ্ঞ সহায়তায় অর্থ দিতে পারেন; সমন্বয় ও নিয়মিত অর্থায়ন নিশ্চিত করবে সরকার। ২০৩৬ সালে দেখতে হবে, প্রকল্প শেষ হলেও কর্মী ও প্রতিষ্ঠান অভিযোজিত হতে পারছে কি না।

এআই নীতি থেকে কর্মসংস্থান

সরকারের খসড়া জাতীয় এআই নীতি ২০২৬-২০৩০–এ মাধ্যমিক, উচ্চশিক্ষা ও কারিগরি প্রতিষ্ঠানে এআই শিক্ষা, বিশ্ববিদ্যালয়-শিল্প অংশীদারত্বে প্রশিক্ষণ এবং ঝুঁকিপূর্ণ কর্মীদের পুনঃপ্রশিক্ষণ ও রূপান্তরকালীন সহায়তার প্রস্তাব রয়েছে। অতিনির্ভরতা এড়িয়ে যুক্তি, লেখা ও সমস্যা সমাধানের সক্ষমতা রক্ষার কথাও বলা হয়েছে। এই নীতিমালায় ঘাটতি অন্য রকম—ব্যয়নির্ধারিত বাস্তবায়ন–পথের অনুপস্থিতি, যার সঙ্গে যাচাইযোগ্য দক্ষতা ও কর্মসংস্থানের ফল যুক্ত থাকবে।

স্নাতক ডিগ্রিধারীরা কি উপযুক্ত বেতনের কাজ পাচ্ছেন? নিয়োগদাতারা কি প্রয়োজনীয় দক্ষতা পাচ্ছেন? ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোট প্রতিষ্ঠান কি কার্যকরভাবে প্রযুক্তি ব্যবহার করছে?

দেশব্যাপী প্রাথমিক এআই কোর্সের সাফল্য বিচার করতে হবে অর্জিত দক্ষতা ও টেকসই অর্থনৈতিক ফল দিয়ে। যন্ত্র, অংশগ্রহণকারী ও সনদ গুনে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রমাণ পাওয়া যাবে না।

তাই ২০৩১ সালে বাংলাদেশের প্রশ্ন হবে: স্নাতক ডিগ্রিধারীরা কি উপযুক্ত বেতনের কাজ পাচ্ছেন? নিয়োগদাতারা কি প্রয়োজনীয় দক্ষতা পাচ্ছেন? ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোট প্রতিষ্ঠান কি কার্যকরভাবে প্রযুক্তি ব্যবহার করছে? প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে কি শিখনের ঘাটতি কমছে? ২০৩৬ সালে দেখতে হবে, এসব প্রয়োজনীয় পরিবর্তন প্রতিযোগিতা, সক্ষমতা ও জীবনমানের স্থায়ী উন্নতি ঘটিয়েছে কি না।

২০৩৬ সালের আসল পরীক্ষা

এলডিসি-পরবর্তী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে বাংলাদেশকে পণ্যের মান, উৎপাদনপ্রক্রিয়ার সন্ধানযোগ্যতা, শ্রমমান ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে অর্থনীতির বিভিন্ন খাতে এআই প্রযুক্তির সঠিক ও অগ্রিম প্রয়োগ সহায়ক হতে পারে, কিন্তু কোনোভাবেই প্রাতিষ্ঠানিক সংস্কারের বিকল্প হতে পারে না।

তাই এক কোটি নতুন কাজ ও ট্রিলিয়ন ডলারের স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা একসঙ্গে বিচার করতে হবে। পর্যাপ্ত কর্মসংস্থান ছাড়া উৎপাদনশীলতা বাড়লে কর্মমুখী প্রবৃদ্ধির কেন্দ্রীয় সামাজিক অঙ্গীকার অপূর্ণ থাকবে। একইভাবে অনিরাপদ ও কম উৎপাদনশীল কাজ বাড়লেও অর্থনৈতিক রূপান্তর অসম্পূর্ণ থাকবে।

তাই ২০৩৬ সালের এআই অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কত এবং কত তরুণ-তরুণী এআই ব্যবহার করেন, তার চেয়ে বেশি নির্ভর করবে মানবসক্ষমতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের সঙ্গে প্রযুক্তিকে আমরা কতটা কার্যকরভাবে যুক্ত করতে পারি, তার ওপর।

* এম নিয়াজ আসাদুল্লাহ: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়