পুলিশের সংস্কার ও সক্ষমতা বাড়াতে মাল্টার সহযোগিতা চাইলেন আইজিপি

আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে মাল্টার হাইকমিশনার রিউবেন গাউচির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। পুলিশ সদর দপ্তর, ঢাকা। ৩১ মার্চছবি: পুলিশ সদর দপ্তরের সৌজন্যে

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ ও ভারতের জন্য নিযুক্ত মাল্টার হাইকমিশনার রিউবেন গাউচির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ মঙ্গলবার এই সৌজন্য সাক্ষাৎ হয় বলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে মাল্টার রাষ্ট্রদূত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে ভিসা জালিয়াতি প্রতিরোধ, সাইবার অপরাধ, মানব পাচার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে পুলিশের ভাবমূর্তি ও সক্ষমতা বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান। পাশাপাশি তিনি পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে মাল্টার সহযোগিতা কামনা করেন।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।