ইয়াবা উদ্ধারের ঘটনায় জামিনে গিয়ে পলাতক আসামির পাঁচ বছরের কারাদণ্ড
চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম দেলোয়ার হোসেন গাজী। আজ রোববার দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, আদালত আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। আসামি দেলোয়ার বছরখানেক আগে জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৩১ আগস্ট নগরের পুরোনো রেলস্টেশন এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ দেলোয়ার হোসেন গাজীকে গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা।
এ ঘটনায় কোতোয়ালি থানায় করা মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে একই বছরের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়।
চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালত এ রায় দেন।