বিবর্ণ ভাস্কর্যে অচেনা ক্রিকেটাররা
সালটা ২০১১। ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশ ছিল সহ-আয়োজক। সে বছর বিশ্বকাপ উপলক্ষে সিটি করপোরেশনের উদ্যোগে ১১ খেলোয়াড়ের ভাস্কর্য স্থাপন করা হয়েছিল সবুজে মোড়ানো বন্দরনগরী চট্টগ্রামে। সাকিব-তামিমদের অবয়ব ফুটে উঠেছিল এসব ভাস্কর্যে। কিন্তু অযত্ন-অবহেলায় ভাস্কর্যগুলো এখন বিবর্ণ। ব্যানারে ব্যানারে ঢেকে গেছে ভাস্কর্যের চারপাশ। ধুলা জমে মলিন চেহারা।
অথচ আরেকটি ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে আজ শেষ ম্যাচটা বাংলাদেশ জিতলেই ধবলধোলাই হবে ভারত। শেষ ম্যাচটা খেলতে ক্রিকেটাররা ইতিমধ্যে চট্টগ্রামে চলে এসেছেন। এসব ভাস্কর্য চোখে পড়লে কিছুটা মন খারাপ হতেই পারে খেলোয়াড়দের। কারণ, সাকিব, মুশফিকদের অবয়ব যে চেনাই যাচ্ছে না।
চট্টগ্রাম নগরের নিমতলা মোড়ে গেলেই দেখা মিলবে এসব ভাস্কর্য। ভাস্কর্যের চরিত্রেরা কেউ ব্যাট হাতে, কেউ বল হাতে দাঁড়িয়ে, কেউ আবার আনন্দ উদ্যাপনে ব্যস্ত। আজ শুক্রবার সরেজমিনে দেখা যায়, ধুলা জড়ানো এসব ভাস্কর্যের চারপাশে ব্যানার ঝুলছে। চট্টগ্রাম বন্দর উইন্সম্যান কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নির্বাচন ঘিরে এসব ব্যানার লাগানো হয়েছে। এমনকি ক্রিকেটারদের ভাস্কর্যের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে কয়েকটি ব্যানার। ভাস্কর্য ছাপিয়ে চোখে পড়ছে বাঘ, ফ্যান, চেয়ার, হাতি, মাছের প্রতীক।
সিটি করপোরেশনের অবহেলার কারণেই এমন দুরবস্থা। ভাস্কর্যের শরীরের সঙ্গে ব্যানার পর্যন্ত টাঙিয়ে দেওয়া হয়েছে। কেউ যেন দেখার নেই।
ক্রিকেটারদের এসব ভাস্কর্যের মধ্যে চারজন ব্যাটসম্যান, চারজন বোলার, দুজন ফিল্ডার ও একজন উইকেটকিপার রয়েছেন। ধূসর হয়ে পড়েছে লাল-সবুজ জার্সি। জার্সির পেছনে থাকা বাংলাদেশের নামও পড়া যাচ্ছে না। রংও উঠে যাচ্ছে।
দুপুরে ভাস্কর্যের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সাইফুল আলম। ভাস্কর্যের মলিন চেহারা দেখে আক্ষেপ করে প্রথম আলোকে বলেন, ‘মাঠে ক্রিকেটাররা দারুণ খেলছেন। ভারতের সঙ্গে সিরিজ জিতলেন। অথচ তাঁদের সম্মানে তৈরি করা এসব ভাস্কর্যের দিকে তাকানোই যাচ্ছে না। চেনা যাচ্ছে না চেহারা।’
ইরফান উদ্দিন নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, এসব ভাস্কর্য তৈরি করার পর যত্ন নেওয়া হয়নি। সিটি করপোরেশনের অবহেলার কারণেই এমন দুরবস্থা। ভাস্কর্যের শরীরের সঙ্গে ব্যানার পর্যন্ত টাঙিয়ে দেওয়া হয়েছে। কেউ যেন দেখার নেই।
ক্রিকেটারদের ভাস্কর্যের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে কয়েকটি ব্যানার। ভাস্কর্য ছাপিয়ে চোখে পড়ছে বাঘ, ফ্যান, চেয়ার, হাতি, মাছের প্রতীক।
জানা গেছে, সিটি করপোরেশনের উদ্যোগে বায়োস্কোপ নামের একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠান বিনা মূল্যে এসব স্থাপনা নির্মাণ করে দিয়েছিল। কিন্তু করপোরেশন এসব স্থাপনার নিয়মিত যত্ন নিতে পারেনি বলে অভিযোগ রয়েছে। কয়েকবার সংস্কার করে দায় সেরেছে।
সৌন্দর্যবর্ধনের এমন দুরবস্থা সম্পর্কে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক মো. রাশিদুল হাসান প্রথম আলোকে বলেন, এসব ভাস্কর্য তৈরির পর রক্ষণাবেক্ষণ করা না হলে কোনো কাজেই আসবে না। উপলক্ষ ধরে ধরে সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ দীর্ঘস্থায়ী হয় না। বিশ্বকাপকে সামনে রেখে এসব ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল। বিশ্বকাপ শেষ, গুরুত্বও শেষ। তাই পরিকল্পিত উপায়ে চিন্তাভাবনা করে নগরের বিভিন্ন মোড় ও সড়কগুলো সৌন্দর্যবর্ধনের আওতায় নিয়ে আসা প্রয়োজন।
ভাস্কর্যের সংস্কার না করার বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের নগর-পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর প্রথম আলোকে বলেন, গত বছরের দিকে একবার ভাস্কর্যগুলো সংস্কার করা হয়েছিল। সামনে আবার কাজ করা হবে।