গেমিং প্ল্যাটফর্ম ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ গেমিং প্ল্যাটফর্মের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে শিশু–কিশোরদের জন্য ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ (www.hasinaandfriends.gov.bd) নামে একটি গেমিং প্ল্যাটফর্ম চালু হয়েছে। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে এ গেমের উদ্বোধন হয়।

পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ও সংযোগ—এ চারটি বিষয়ে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশু, কিশোর ও কিশোরীদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষণীয় গল্প ও গেমের সমন্বয়ে প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ বাংলাদেশের প্রথম নিজস্ব লার্নিং প্ল্যাটফর্ম। এখানে খেলতে খেলতে পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ও ডিজিটাল সংযোগ বিষয়ে জানতে পারবে শিশু–কিশোরেরা। এখানে পুরস্কারের ব্যবস্থাও আছে। প্ল্যাটফর্মটি সৃজনশীল, উদার, প্রগতিশীল ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে। প্রতিবছর ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ ফেস্টিভ্যাল হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান।