পুলিশের সাঁজোয়া যান থেকে টেনে ফেলে দেওয়া ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
জুলাই গণ–অভ্যুত্থানের সময় ঢাকার অদূরে সাভারে গুলি করার পর পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে টেনেহিঁচড়ে ফেলে দেওয়া হয়েছিল শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিনকে। তাঁকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) মুহাম্মদ সাইফুল ইসলামসহ ১৯ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ রোববার এই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন।
মামলার আসামিদের মধ্যে ছয়জন গ্রেপ্তার আছেন। তাঁরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী, সাবেক নায়েক মো. সুহেল মিয়া, সাবেক কনস্টেবল মো. মাহফুজ মিয়া ও ঢাকা জেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক আহ্বায়ক মো. মিজানুর রহমান। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলার বাকি ১৩ আসামি পলাতক। তাঁরা হলেন সাবেক সংসদ সদস্য (এমপি) মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সাভার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান, সাবেক পরিদর্শক এ এফ এম সায়েদ, সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) সাবেক সভাপতি মো. আতিকুর রহমান, সাভারের তেতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদস্য মেহেদী হাসান তুষার, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যানের পিএস মো. রাজু আহম্মেদ, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ, সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জামান খান ও শরফ আশরাফুল আলম।
২০২৪ সালের ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনে শাইখ আশহাবুল ইয়ামিন শহীদ হন। সেই সময় পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর থেকে তাঁকে টেনে নিচে ফেলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি থাকতেন এমআইএসটির ওসমানী হলে। তাঁর বাসা সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়।