ডেসকোর সাবেক এমডি ও প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক)

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কাউসার আমীর আলী ও প্রধান প্রকৌশলী শামীম আহসান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকারের কেন্দ্রীয় ডেটা সেন্টার ব্যবহারের বাধ্যবাধকতা উপেক্ষা করে অনুমতি ছাড়াই নিজস্ব ডেটা সেন্টার নির্মাণের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের বড় ধরনের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

গত ২২ জানুয়ারি এই মামলা করা হয়। মামলার বিষয়টি সোমবার (২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের জানান দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম। তিনি বলেন, দুদকের উপসহকারী পরিচালক মো. হাবিবুর রহমান বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অমান্য করেন। সরকারের সেন্ট্রাল ডেটা সেন্টারে তথ্য সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ না করে তাঁরা নিজস্ব ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ নেন, যা সরকারি প্রজ্ঞাপনের সরাসরি লঙ্ঘন।

মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ১৭ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের এক সভায় সিদ্ধান্ত হয়, কোনো মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থা নতুন করে ডেটা সেন্টার নির্মাণ করতে পারবে না এবং সংশ্লিষ্ট তথ্য সরকারি ডেটা সেন্টারে সংরক্ষণ করতে হবে। পরবর্তী সময়ে ২০২১ সালের ২৪ জানুয়ারি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

অভিযোগে বলা হয়েছে, ওই নিষেধাজ্ঞা অমান্য করে ডেসকো ২০২১ সালের ২৭ এপ্রিল নিজস্ব ডেটা সেন্টার নির্মাণের জন্য প্রায় ৭১ কোটি ৭৮ লাখ টাকার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। সরকারি অর্থ সাশ্রয়ের সুযোগ থাকা সত্ত্বেও তা গ্রহণ করা হয়নি।

দুদক বলছে, আসামিরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারি সেন্ট্রাল ডেটা সেন্টার ব্যবহার না করে নিজস্ব ডেটা সেন্টার নির্মাণের মাধ্যমে রাষ্ট্রীয় ৭৪ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯২ টাকার আর্থিক ক্ষতিসাধন করেছেন।