স্পিডবোট থেকে জাহাজে উঠতে গিয়ে সাগরে পড়লেন বিদেশি ক্যাপ্টেন, পরে উদ্ধার
উত্তাল সাগরে স্পিডবোট থেকে জাহাজের ঝুলন্ত সিঁড়ি বেয়ে ওপরে উঠছেন নাবিকেরা। দুজন ঠিকমতো রশি বেয়ে জাহাজে উঠে গেছেন। তবে বিদেশি এক নাবিক রশি ধরে ওপরে উঠতেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যান। মুহূর্তেই তীব্র স্রোতে ভেসে দূরে চলে যান তিনি। এ ঘটনার পর স্পিডবোট থেকে ফেলা হয় লাইফ জ্যাকেট।
এই লাইফ জ্যাকেট ধরে ভাসতে থাকা নাবিককে স্পিডবোটের চালকেরা উদ্ধার করেন।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুরের দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। এই ঘটনার একটি ভিডিও প্রথম আলোর হাতে এসেছে। ঘটনার সময় বড় জাহাজটি থেকে ভিডিওটি ধারণ করেন কোনো একজন।
খোঁজ নিয়ে জানা গেছে, পুরোনো লোহার টুকরা নিয়ে আসা সাইপ্রাসের পতাকাবাহী ‘এমভি স্মিউ’ জাহাজে ওঠার সময় এ ঘটনা ঘটে। জাহাজটিতে ৩৪ হাজার ৬০০ টন পুরোনো লোহার টুকরা রয়েছে। এটি আমদানি করেছে কেএসআরএম গ্রুপ।
জাহাজটির মালিকের প্রতিনিধি লিটমন্ড শিপিং। জানতে চাইলে প্রতিষ্ঠানটির পরিচালক বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, জাহাজটিতে নতুন নাবিক যোগ দেওয়ার কথা ছিল। তাই স্পিডবোটে করে নাবিকদের সাগরে ওই জাহাজের কাছে নেওয়া হয়। তবে সাগর উত্তাল থাকায় জাহাজের নতুন মাস্টার হঠাৎ সাগরে পড়ে যান। তিনি ইউক্রেনের নাগরিক। তাঁকে দ্রুত উদ্ধার করা হয়।
আগে ক্যাপ্টেন হিসেবে বাণিজ্যিক জাহাজ পরিচালনা করে আসা এক ব্যক্তি প্রথম আলোকে বলেছেন, আজ আবহাওয়া বৈরী। তাই সাগর প্রচণ্ড উত্তাল। আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে। এ অবস্থায় স্পিডবোটে করে জাহাজে ওঠা খুবই ঝুঁকিপূর্ণ।