বিএনপির প্রার্থী সারোয়ারের ভোটের ফলাফল প্রকাশ আপাতত স্থগিতই থাকছে

সুপ্রিম কোর্টফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের ভোটের ফলাফল প্রকাশ আপাতত স্থগিতই থাকছে। তাঁর প্রার্থিতার বিষয়ে রুল হাইকোর্টে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সারোয়ার আলমগীরের প্রার্থিতার বৈধতা নিয়ে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থীর করা আপিল নিষ্পত্তি করে আজ মঙ্গলবার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন সারোয়ার আলমগীর। তবে নির্বাচনে তাঁর ফলাফল প্রকাশ আদালতের সিদ্ধান্তে স্থগিত রয়েছে।

সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসির) বাতিল হয়। এ অবস্থায় নির্বাচনের আগে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে সারোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিতে, ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন।

সারোয়ার আলমগীরের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) একই আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। ঋণখেলাপির অভিযোগ এনে তিনি এই আবেদন করেন।

আরও পড়ুন

জামায়াতের এই প্রার্থীর করা লিভ টু আপিল মঞ্জুর করে গত ৩ ফেব্রুয়ারি আদেশ দেন আপিল বিভাগ। আদেশে বলা হয়, সারোয়ার আলমগীর যদি নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ (যতটুকু প্রার্থী হিসেবে তাঁদের জন্য প্রযোজ্য) এ–সংক্রান্ত আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

জামায়াতের প্রার্থী গত ৩১ মার্চ আপিল করেন। গত ২৮ এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালত আপিল শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে নির্ধারণ করেন। গত ১৪ মে আপিল বিভাগ শুনানির জন্য ৯ জুন তারিখ ধার্য করেন। এর ধারাবাহিকতায় আজ শুনানি নিয়ে আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন

আদালতে আপিলকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন।

পরে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ সারোয়ার আলমগীরের প্রার্থিতার বিষয়ে রুল হাইকোর্টে দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন। এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর ক্ষেত্রে ভোটের ফলাফল প্রকাশ স্থগিতের আগের আদেশ চলমান থাকবে। অর্থাৎ তাঁর ফলাফল প্রকাশ ও শপথ আপাতত স্থগিত থাকছে। হাইকোর্টে রুল নিষ্পত্তির মধ্য দিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

আরও পড়ুন