বইমেলা মিলনেরও কেন্দ্র
মেলায় গতকাল লোকসমাগম কিছু কম থাকলেও নতুন বইয়ের সংখ্যা বেড়েছে। তথ্যকেন্দ্রের হিসাবে নতুন বই এসেছে ৭০টি।
গাজী আনিস আর প্রিন্স শাহ আলম দুই বন্ধু। প্রথমজন থাকেন ধানমন্ডি। আজিমপুরে অপরজন। দুজনের দেখা হলো গতকাল সোমবার সন্ধ্যায় অমর একুশের বইমেলায় পাঞ্জেরী পাবলিকেশন্সের স্টলের সামনে।
বইমেলা বরাবরই যতটা বইপুস্তকের আড়ত, ততটাই জনে জনে মিলনের কেন্দ্রও। গাজী আর প্রিন্সের বেশ কিছুদিন সরাসরি দেখা নেই, তাই মেলায় দেখা করার পরিকল্পনা করেই তাঁরা বিকেলে মেলার পথে পা বাড়িয়েছিলেন। দেখা তো হলো, বইও কেনার পর্ব চলছিল। গাজী এখান থেকে কিনলেন দুটো ক্ষুদ্র কলেবরের বই। দন্তস্য রওশনের প্রেমের অণুকাব্য এবং পলাশ মাহবুবের পমার বচন।
এত এত সব প্রমাণ আকারের বই থাকতে এই ছোট আকারের বই কেনা কেন? উত্তরে গাজী বললেন, ‘সত্যি বললে বড় সাইজের বই পড়ার এখন সময় নাই। কাজকর্ম নিয়ে অনেক রকম ঝামেলা থাকে। এর মধ্যে সুযোগ পেলে বইয়ের পাতায় চোখ রাখা। তাই আমাদের মতো তরুণ প্রজন্ম এখন খুব দ্রুত পড়া যায়, এমন ধরনের বই খোঁজ করেন।’
গতকাল মেলায় আগের দিনগুলো তুলনায় লোকসমাগম কিছু কম, ফলে বিক্রিও কমেছে। পাঞ্জেরীর স্টলের ব্যবস্থাপক ইফতেখার আহমদ জানালেন, তাঁদের এখানে বেসিক আলী, বাবু সিরিজের কমিকসহ বিভিন্ন কমিক ও ছোটদের উপযোগী করে প্রকাশিত বিশ্বসাহিত্যের ধ্রুপদি বইগুলো বেশি বিক্রি হচ্ছে।
মেলা প্রাঙ্গণে কথা হলো নাট্যকার ও লোকগবেষক সাইমন জাকারিয়ার সঙ্গে। মেলার বইয়ের মান কেমন জানতে চাইলে বললেন, ‘ছাপা, বাঁধাইয়ের মান ভালো, বিষয়বস্তুতে কোনো নতুনত্ব নেই। গভীর চিন্তা বা বিশ্লেষণ যা নতুন প্রজন্মকে ভাবাতে পারে, এমন কোনো প্রকাশনা মেলায় সাধারণত দেখা যাচ্ছে না।
এমনকি আমাদের নিজেদের দেশের মধ্যযুগের যে সাহিত্যভান্ডার, যে দর্শন আছে, তা নিয়েও খুব উঁচু মানের গবেষণা হচ্ছে না। প্রতিবছর মেলায় অনেক বই প্রকাশিত হয় কিন্তু নতুন জ্ঞানের উন্মেষ লক্ষণীয় হয় না।’ এবার বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে তাঁর নতুন গবেষণাগ্রন্থ লোকায়ত সাহিত্য–সংগীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ।
নতুন বই
মেলায় গতকাল লোকসমাগম কিছু কম থাকলেও নতুন বইয়ের সংখ্যা বেড়েছে। তথ্যকেন্দ্রের হিসাবে নতুন বই এসেছে ৭০টি। প্রথমা প্রকাশনের স্টলে গতকাল যেসব নতুন বই এসেছে, তার মধ্যে ছিল ওয়াকিলুর রহমান সম্পাদিত বাঙালি কবি জার্মান শিল্পী এক অবিশ্বাস্য বন্ধুত্ব। বিক্রেতারা জানালেন, গতকাল আসিফ নজরুলের উপন্যাস আমি আবু বকর, মহিউদ্দিন আহমদের ১৯৭১: ভারতের বাংলাদেশ যুদ্ধ, মনজুর আহমদের একুশ শতকে বাংলাদেশ শিক্ষার রূপান্তর, এসব বই ভালো চলেছে।
মেলায় আসা বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের নতুন বইগুলোর মধ্যে বিদ্যাপ্রকাশ এনেছে সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ লেনিন কেন জরুরী, অনন্যা এনেছে ইমদাদুল হক মিলনের গল্প অন্ধকার নামতে পারেনি, অন্যপ্রকাশ এনেছে আবুল আহসান চৌধুরীর প্রবন্ধ বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ, কথাপ্রকাশ এনেছে ওয়াসি আহমেদের প্রবন্ধ প্রগতিশীলতার ইচ্ছাপূরণ এবং বিরূপাক্ষ পালের রম্যগদ্য রম্যলোকের সৌম্যসভা, ঐতিহ্য এনেছে মহিউদ্দিন আহমদের ইতিহাসবিষয়ক চুয়াত্তরের দুর্ভিক্ষ, অবসর এনেছে গত বছর নোবেলজয়ী ইয়োন ফসের উপন্যাসিকা আর তারপর আমার কুকুর ফিরে আসবে আমারই কাছে, অনুবাদ করেছেন অরিত্র আহমেদ। অনুপম এনেছে মোরশেদ শফিউল হাসান ও সোহরাব হাসান সম্পাদিত সাম্প্রদায়িকতাবিরোধী গল্পসংকলন মানুষের মৃত্যু হলে, মাওলা ব্রাদার্স এনেছে মশিউল আলমের উপন্যাস বাবা, পাঞ্জেরী এনেছে জাহিদ হায়দারের কাব্য আমার মাটির খুব জ্বর, বিশ্বসাহিত্য ভবন এনেছে ডা. মুহাম্মদ সারোয়ার হোসেনের মুক্তিযুদ্ধভিত্তিক গল্প রক্তস্নাত ব্রহ্মপুত্র। মেলা যথারীতি আজ বেলা তিনটায় খুলবে, চলবে রাত সাড়ে আটটা পর্যন্ত।
শিক্ষার শত শিখা
শিক্ষা নিয়ে আবুল মোমেনের নতুন বই শিক্ষার শত শিখা গতকাল বইমেলায় এনেছে প্রথমা প্রকাশন।
শিক্ষা নিয়ে যুগে যুগে নানা চিন্তাভাবনা ও গবেষণা হয়েছে, তৈরি হয়েছে বহু তত্ত্ব। সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষা বিষয়ে মানুষের ধারণা বদলেছে। পৃথিবীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অনেকেই শিক্ষার উদ্দেশ্য, ধরন এবং শিক্ষাদানের পদ্ধতি নিয়ে তাঁদের মতামত দিয়েছেন, সেসব উদ্ধৃতি আছে এই বইয়ে। এ রকম একটি বাস্তবতায় শিক্ষা নিয়ে ভাবনার খোরাক জোগাতে হাতের কাছে রাখার মতো একটি বই শিক্ষার শত শিখা।
আবুল মোমেনের শিক্ষা চট্টগ্রাম সরকারি কলেজিয়েট হাইস্কুল, চট্টগ্রাম সরকারি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি মূলত কবি ও প্রাবন্ধিক। তবে বাংলাদেশের অস্থির রাজনীতি ও সমাজ তাঁকে সমকালীন বাংলাদেশের ভাষ্যকারে পরিণত করেছে। বিশ্ববিদ্যালয়-পর্ব শেষ করার প্রায় পরপরই তিনি জড়িয়ে পড়েন শিক্ষার কাজে। শিক্ষা নিয়ে লিখেছেন প্রচুর। শিক্ষা বিষয়ে এটি তাঁর পঞ্চম গ্রন্থ।
ঘরে বসে বইমেলার যেকোনো বই পেতে: þ www.prothoma.com Å ০১৭৩০০০০৬১৯